Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: প্যারা এশিয়ান গেমসে তিনটি সোনার পদকজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ যাদবের মর্মান্তিক মৃত্যু (Neeraj Yadav)। মঙ্গলবার রাতে দিল্লিতে নিজের ফ্ল্যাট থেকে ৪২ বছর বয়সি এই জ্যাভলিন থ্রোয়ারের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিল্লির একটি হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত হয়। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডোপিংয়ের কারণে নির্বাসিত হওয়ার পর থেকে মানসিক চাপে ছিলেন নীরজ, এমনটাই জানা গিয়েছে। তবে তাঁর মৃত্যুর সঙ্গে সেই চাপের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
দিল্লিতে উদ্ধার দেহ (Neeraj Yadav)
মঙ্গলবার রাতে দিল্লিতে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নীরজের দেহ। প্রাথমিকভাবে বিষ খেয়ে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ পুলিশ। ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ এস সত্যনারায়ণ নীরজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স মহলে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন সুমিত আন্টিলও হাসপাতালে উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে (Neeraj Yadav)
ভারতের অন্যতম সফল প্যারা অ্যাথলিট নীরজ যাদব। তবে কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় নির্বাসিত হন তিনি। পালটা আবেদন জানালেও সেই নির্বাসন ওঠেনি। ফলে সাম্প্রতিক আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসে অংশ নেওয়ার সুযোগ পাননি এফ ৫৫ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা এই অ্যাথলিট। প্রতিযোগিতায় অংশ নিতে না পারার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গিয়েছে। নীরজের কোচ এস সত্যনারায়ণের অনুমান, কেরিয়ারের এই পরিস্থিতি তাঁর উপর প্রভাব ফেলতে পারে। তবে মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছননি তিনি।
পোলিওকে হারিয়ে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য (Neeraj Yadav)
ছোটবেলায় পোলিও-পরবর্তী পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন নীরজ। মাত্র সাত বছর বয়সে তাঁর কোমরের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাঁর লড়াই থামাতে পারেনি। প্রথমে হুইলচেয়ার টেনিসের মাধ্যমে খেলাধুলোর জগতে পা রাখেন তিনি। পরে জ্যাভলিন ও ডিসকাস থ্রোয়ে নিজের কেরিয়ার গড়ে তোলেন। ক্রমে আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি অর্জন করেন এই ভারতীয় অ্যাথলিট।
প্যারা এশিয়ান গেমসে তিনটি সোনা (Neeraj Yadav)
২০১৮ সালে জাকার্তায় এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে নজর কাড়েন নীরজ। এরপর ২০২২ সালে জ্যাভলিনে ফের সোনা জেতেন তিনি। একই প্রতিযোগিতায় ডিসকাস থ্রোতেও সোনার পদক অর্জন করেন। তাঁর এই সাফল্য ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন। কিন্তু ডোপিংয়ের অভিযোগে নির্বাসিত হওয়ার পর কেরিয়ারে বড় ধাক্কা আসে। আন্তর্জাতিক মঞ্চে ফেরার অপেক্ষার মধ্যেই এবার এল তাঁর মৃত্যুর খবর।
আরও পড়ুন: Douglas Maicon: এবার মাইকন, ফের ব্রাজিলিয়ান কিংবদন্তির অপেক্ষায় কলকাতা
শোকস্তব্ধ ক্রীড়ামহল (Neeraj Yadav)
নীরজের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স মহল (Neeraj Yadav)। প্রতিকূলতাকে জয় করে যিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন, তাঁর এমন পরিণতি ঘিরে উঠছে নানা প্রশ্ন। কোচ এস সত্যনারায়ণ জানিয়েছেন, ঠিক কী কারণে নীরজ এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন, তা অনুমান করতে চান না তিনি। তাঁর কথায়, একজন ক্রীড়াবিদকে জীবনের উত্থান-পতন সমানভাবে গ্রহণ করতে হয়। তবে নীরজের মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মৃত্যুর নেপথ্যের পরিস্থিতি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।



