Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় রাজ্যের আবেদন শুনল না সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ(Beldanga SC)। ঘটনার কেস ডায়েরি সহ সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তরের কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
এনআইএ তদন্তের দাবি জানিয়ে মামলা (Beldanga SC)
পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় অশান্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। সেই অশান্তির ঘটনাকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি হয় সেখানে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত হিসেবে ৩৬ জনকে গ্রেফতার করলেও পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একাধিক জনস্বার্থ মামলা। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মামলা করেন।
কেস ডায়েরি NIA-কে হস্তান্তর করার নির্দেশ
সেই মামলাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ গত ২৭ ফেব্রুয়ারি নির্দেশ দেয়, কেন্দ্রীয় সরকার যদি চায়, তবে এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে পারে। একই সঙ্গে রাজ্যকে বলেছিল, প্রয়োজনে কেন্দ্রের থেকে আরও কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে তারা। বেলডাঙ্গা পুলিশকে কেস ডায়েরি এনআইএ-কে হস্তান্তর করার নির্দেশও দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
চ্যালেঞ্জ করেই সুপ্রিমকোর্টের দ্বারস্থ
কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের দাবি ছিল, তাদের বক্তব্য পুরোপুরি শোনা হয়নি এবং পূর্ণাঙ্গ শুনানি ছাড়াই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। সেই কারণেই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
নির্ধারিত দিনে শুনানির নির্দেশ
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশে সুপ্রিম কোর্ট কোনও রকম হস্তক্ষেপ করবে না। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘কেস ডায়েরি না পেলে এনআইএ নিরপেক্ষ ভাবে কীভাবে রিপোর্ট দেবে?’ প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আমাদের মনে হয়েছে কলকাতা হাইকোর্ট সঙ্গত নির্দেশই দিয়েছে।’ তবে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে শীর্ষ আদালত শুধু কলকাতা হাইকোর্টকে এই মামলার নির্ধারিত দিনে শুনানি করার নির্দেশ দিয়েছে।
অসহযোগিতার অভিযোগ NIA-র (Beldanga SC)
এই মামলায় প্রথম থেকেই রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন এনআইএ আধিকারিকরা। এমনকি অভিযুক্তদের আদালতে পেশ করার সময় পুলিশি এসকর্ট না পাওয়ারও অভিযোগ তোলে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।তদন্তে নেমে এনআইএ আধিকারিকরা মনে করেন, কেবল স্থানীয় আবেগ নয়, পরিকল্পিতভাবে উসকানি ছড়িয়ে অশান্তির আগুন জ্বালানো হয়েছিল বেলডাঙ্গায়। সেই ষড়যন্ত্রের জাল কতদূর বিস্তৃত, তা নির্ধারণ করতে চাইছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Mojtaba Khamenei: মোজতবা খামেনেই কোথায়? মস্কোয় গোপন চিকিৎসা নাকি কোমায়: রহস্য গভীর
তদন্ত করায় বাধা নেই (Beldanga SC)
সোমবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্ত করতে আর কোনও বাধা রইল না এনআইএ-এর। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রইল। পুলিশকে কেস ডায়েরি সহ ঘটনার সমস্ত নথি হস্তান্তর করতে হবে এনআইএ-কে।



