Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পুরুষদের AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এ এখনও পর্যন্ত জয় অধরা ইস্টবেঙ্গলের (East Bengal FC)। এবার এশিয়ার মঞ্চে নিজেদের অভিযান শুরু করতে চলেছে লাল-হলুদের মহিলা দল। রবিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ভিয়েতনামের হো চি মিন সিটির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। গত মরশুমের হতাশা ভুলে এবার জয়ের লক্ষ্য নিয়েই নামতে চায় ‘মশাল গার্লস’রা। আর এই ম্যাচ বিশেষ তাৎপর্যপূর্ণ সাথী দেবনাথের কাছে। যে মাঠে প্রথম ট্রফি জিতেছিলেন, সেই কিশোরভারতীতেই এবার AFC-র মঞ্চে নিজের সেরাটা দিতে মরিয়া তিনি।
সাফল্যের পুনরাবৃত্তি চান সাথী (East Bengal FC)
২০২৩ সালে কিশোরভারতী ক্রীড়াঙ্গনেই কন্যাশ্রী কাপ জিতেছিলেন সাথী দেবনাথ। কেরিয়ারের প্রথম ট্রফি জয়ের স্মৃতি জড়িয়ে রয়েছে এই মাঠের সঙ্গে। তাই রবিবারের ম্যাচ তাঁর কাছে আরও বিশেষ। শনিবার সাংবাদিক বৈঠকে সাথী বলেন, “কিশোরভারতী সবসময় ইস্টবেঙ্গলের জন্য স্পেশ্যাল। ওখান থেকেই আমার নিজের ট্রফি জেতা, সাফল্যের শুরু। তাই চেষ্টা করব নিজের সবটা দিয়ে ইস্টবেঙ্গলকে জেতানোর।”
দীর্ঘ বিরতির পর নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC)
শেষবার অগস্ট মাসে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাননি ফুটবলাররা। সাথীর কথায়, প্রাক-মরশুম প্রস্তুতির সময় তাঁদের জন্য বিশেষ রুটিন তৈরি করে দেওয়া হয়েছিল। সেই রুটিন মেনেই নিজেদের ফিট রেখেছেন তাঁরা। ফলে দীর্ঘ বিরতির প্রভাব মাঠে পড়বে না বলেই আশাবাদী লাল-হলুদ শিবির।
বিশেষ পরিকল্পনা (East Bengal FC)
গত মরশুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। প্রথম ম্যাচে জয় পেলেও শেষ দু’টি ম্যাচে হেরে নকআউটে ওঠা হয়নি। এবার সেই ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় দল। গ্রুপ পর্বের সব ম্যাচই ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। তবে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে যথেষ্ট সতর্ক কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ।
শনিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে খেলার গতি অনেক বেশি থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই দলের শক্তি বাড়ানো হয়েছে। পাশাপাশি দলে বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকেও নেওয়া হয়েছে। কোচের আশা, অনুশীলনে ফুটবলারদের কঠোর পরিশ্রমের প্রতিফলন দেখা যাবে ম্যাচে।
IWL শুরু না হওয়ায় কি সমস্যায় ইস্টবেঙ্গল? (East Bengal FC)
হো চি মিন সিটির কোচ জানিয়েছেন, ঘরোয়া লিগের ম্যাচ খেলার পর AFC প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে তাঁদের দল। অন্যদিকে, ভারতে এখনও শুরু হয়নি ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL)। ফলে প্রতিযোগিতামূলক ম্যাচের অভাব কিছুটা হলেও সমস্যায় ফেলতে পারে ইস্টবেঙ্গলকে। বিষয়টি মেনে নিয়েছেন অ্যান্থনি অ্যান্ড্রুজও।
তাঁর মতে, IWL শুরু হলে কয়েকটি ম্যাচ খেলে দলের কম্বিনেশন আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যেত। তবে যা হাতে রয়েছে, তা নিয়েই এগোতে চান তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে দল। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে তৈরি এই দল গতবারের ভুল শুধরে ভালো ফল করতে পারবে বলেই আশাবাদী কোচ।
আরও পড়ুন: Shreyas Iyer: অধিনায়কত্বে প্রশ্ন, ব্যাট হাতেও ব্যর্থতা! শ্রেয়াসকে ঘিরে বাড়ছে উদ্বেগ
সমর্থকদের পাশে চান সাথী ও কোচ (East Bengal FC)
ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিকে বাড়তি শক্তি হিসেবে দেখছে ইস্টবেঙ্গল। রবিবার গ্যালারিতে উপস্থিত থেকে দলকে উৎসাহ দেওয়ার জন্য সমর্থকদের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন সাথী ও কোচ (East Bengal FC)। তাঁদের মতে, সমর্থকদের গলা ফাটানো ফুটবলারদের ৯০ মিনিট লড়াই করার বাড়তি তাগিদ জোগায়। এখন দেখার, কিশোরভারতীর চেনা পরিবেশে সাথী দেবনাথদের হাত ধরে জয় দিয়েই এশীয় অভিযান শুরু করতে পারে কি না ইস্টবেঙ্গল।



