Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: স্টুডিওপাড়ায় যেন একের পর এক অশান্তির ছায়া নেমে আসছে (Utsav Mukherjee)। সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহে আতঙ্ক, দুঃখ আর অনিশ্চয়তার এক অদ্ভুত মিশ্রণ তৈরি হয়েছে টলিউড মহলে। তরুণ প্রতিভার অকালপ্রয়াণ, ব্যক্তিগত শোক, আর তার মধ্যেই নতুন করে এক পরিচালকের রহস্যজনক নিখোঁজ হওয়া সব মিলিয়ে যেন এক গভীর অস্বস্তির আবহ।

ইন্ডাস্ট্রির ওপর নেমে আসা অন্ধকার (Utsav Mukherjee)
ইতিমধ্যেই ইন্ডাস্ট্রি হারিয়েছে তরুণ প্রতিভা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অকালমৃত্যু নাড়া দিয়ে গিয়েছে বহু সহকর্মীকে। তার রেশ কাটতে না কাটতেই ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা সামলাতে হয়েছে সুদীপ্তা ও বিদিপ্তা চট্টোপাধ্যায়কে মায়ের মৃত্যু তাঁদের জীবনে গভীর শূন্যতা তৈরি করেছে। এই শোকের আবহ এখনও কাটেনি, ঠিক তখনই সামনে এলো আরও এক উদ্বেগজনক খবর চিত্রনাট্যকার ও পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের রহস্যজনক নিখোঁজ হওয়া।
শেষ দেখা নিমতায় (Utsav Mukherjee)
বৃহস্পতিবার সকালে একটি ব্যক্তিগত কাজের জন্য নিমতার একটি বেসরকারি ব্যাঙ্কে যান উৎসব। যাওয়ার সময় নিজের স্মার্টফোনটি স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের কাছে রেখে যান, কারণ ব্যাঙ্কে নেটওয়ার্ক সমস্যার আশঙ্কা ছিল। সঙ্গে ছিল তাঁর বাবার একটি সাধারণ মোবাইল ফোন।প্রথমে সব কিছুই স্বাভাবিক ছিল। ব্যাঙ্কে পৌঁছে দু-একবার স্ত্রীর সঙ্গে কথাও বলেন তিনি। জানান, কাজ প্রায় শেষ টাকা তুলেই ফিরবেন। কিন্তু দুপুর ২টা ২২ মিনিটের পর থেকে হঠাৎই ফোন সুইচ অফ হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় উৎকণ্ঠা।

শেষ লোকেশন বিধাননগর (Utsav Mukherjee)
ফোন ট্র্যাকিংয়ে শেষ লোকেশন হিসেবে উঠে আসে বিধাননগর। কিন্তু তারপর আর কোনো সূত্র পাওয়া যায়নি। যে প্রযোজকের সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল, তিনিও জানান উৎসব সেখানে পৌঁছাননি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগ চরমে ওঠে। শেষমেশ আনন্দপুর থানায় মিসিং ডায়েরি দায়ের করেন স্ত্রী মৌপিয়া। পুলিশের তরফে জানানো হয়েছে, আশেপাশের সমস্ত থানায় খবর পাঠানো হয়েছে এবং অনুসন্ধান শুরু হয়েছে।
“ও না ফিরলে আমি পাগল হয়ে যাব” (Utsav Mukherjee)
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় উঠে আসে এক গভীর অসহায়তা, “সকালেও কথা হয়েছে, বলল কাজ শেষ করে ফিরবে। তারপর হঠাৎ ফোন বন্ধ। আমি ভেবেছিলাম চার্জ শেষ হয়ে গেছে… কিন্তু এতক্ষণেও কোনো খবর নেই।” তিনি আরও জানান, “ও তো জানে আমি ওর সঙ্গে কথা না বলে থাকতে পারি না। ও যদি বাড়ি না ফেরে, আমি পাগল হয়ে যাব।”
মানসিক চাপ কি কারণ? স্ত্রীর সন্দেহ (Utsav Mukherjee)
উৎসবের নিখোঁজ হওয়ার পেছনে মানসিক চাপের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁর স্ত্রী। গত কয়েক মাসে পরপর মা ও বাবার মৃত্যু তাঁকে ভেঙে দেয়। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। এর পাশাপাশি, সাইবার প্রতারণার একটি ঘটনার প্রভাবও তাঁর মনে গভীরভাবে দাগ কেটেছিল। নিজের ইমেজ নষ্ট হয়ে গেছে এই ভেবে তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে দাবি মৌপিয়ার। তাঁর আশঙ্কা, হয়তো উৎসব নিজেই কিছুদিনের জন্য একান্তে থাকতে চেয়েছেন। কিন্তু কোনো যোগাযোগ ছাড়া এইভাবে চলে যাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আরও পড়ুন: Leander Paes Joins BJP: ভোটের আগেই ফুল বদল, ঘাস ফুল ছেড়ে পদ্মে যোগ লিয়েন্ডারের!
টলিউডে উদ্বেগের ছায়া
একদিকে একের পর এক দুঃসংবাদ, অন্যদিকে এক পরিচালকের নিখোঁজ হয়ে যাওয়া সব মিলিয়ে স্টুডিওপাড়ায় এখন গভীর উদ্বেগ। সহকর্মীরা যেমন চিন্তিত, তেমনই পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তার কালো ছায়া।



