Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan)। আর এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করেই দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ থেকে ২১ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
২০ নভেম্বর স্থলভাগে প্রবেশের সম্ভাবনা, বাড়বে ঝড়ের তীব্রতা (Cyclone Akvan)
আবহাওয়া দফতরের ১৮ নভেম্বরের বিশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী নরসাপুর থেকে পুরীর মধ্যে দিয়ে ২০ নভেম্বর দুপুরের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে(Cyclone Akvan)।
শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির দাপট, শনিবার পরিস্থিতি আরও প্রতিকূল!
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার, ২১ নভেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়াতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা, বন্দরে সতর্কসংকেত (Cyclone Akvan)
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ২০ নভেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ১৯ ও ২০ নভেম্বর পশ্চিমবঙ্গ উপকূলেও মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা ও হলদিয়া বন্দরে জারি হয়েছে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ২।
আরও পড়ুন: Birbhum: বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু!
জল জমা থেকে ফসলের ক্ষতি, কী কী সতর্কতা?
আবহাওয়া দফতরের আশঙ্কা, ভারী বৃষ্টিতে নিচু এলাকায় জল জমতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁড়িয়ে থাকা ফসল, দুর্বল কাঁচা বাড়ি ও উদ্যানপালন। বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার এবং গাছ কিংবা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-কে ঘিরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জন্য যথেষ্ট উদ্বেগের। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।



