Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন (Police Reshuffle)। একসঙ্গে ৫০ জন পুলিশ ইন্সপেক্টরের বদলি ও নতুন পদে নিয়োগের নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ। বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এই নির্দেশিকায় কলকাতা থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে জঙ্গলমহল—রাজ্যের একাধিক পুলিশ কমিশনারেট ও জেলার আধিকারিকদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে এই রদবদল বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। বদলির নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পাশাপাশি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একাধিক গুরুত্বপূর্ণ থানায় নতুন আইসি (Police Reshuffle)
এই রদবদলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, একাধিক গুরুত্বপূর্ণ থানার আইসি পদে নতুন মুখ আনা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের তাপস কুমার দাসকে ব্যারাকপুরের ভাটপাড়া থানার আইসি করা হয়েছে। দেবাশিস সরকার দায়িত্ব পেয়েছেন রানাঘাট থানার। কাজল বন্দ্যোপাধ্যায়কে বিধাননগরের বাগুইআটি থানার আইসি করা হয়েছে। একইভাবে সুদীপ্ত পরামানিককে বাঁকুড়ার বড়জোড়া থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
কোচবিহার কোতোয়ালি, করিমপুর, ফালাকাটা, মিরিক, রাজগঞ্জ, সিঙ্গুর, আর্শা, মহম্মদবাজার, বংশীহারি, হরিরামপুর এবং হরিহরপাড়ার মতো গুরুত্বপূর্ণ থানাতেও আইসি পদে পরিবর্তন আনা হয়েছে।
STF, CID ও গোয়েন্দা বিভাগেও রদবদল (Police Reshuffle)
শুধু থানার দায়িত্বেই নয়, রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ শাখাগুলিতেও বদলির প্রভাব পড়েছে। পুরুলিয়ার রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরাকে স্পেশাল টাস্ক ফোর্সে পাঠানো হয়েছে। সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকেও এসটিএফে বদলি করা হয়েছে। হরিহরপাড়ার আইসি অরূপ কুমার রায়কে সিআইডিতে পাঠানো হয়েছে। পাশাপাশি কয়েকজন আধিকারিককে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং বিভিন্ন জেলার ডিআইবি বিভাগেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্র প্রভাব (Police Reshuffle)
দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর-সহ একাধিক এলাকায় এই রদবদল কার্যকর হতে চলেছে। শিলিগুড়ি থানার আইসি পদে জয়দীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। দিনহাটা থানার দায়িত্ব পেয়েছেন হেমন্ত শর্মা। বালুরঘাট থানার নতুন আইসি হচ্ছেন সমন্ত বিশ্বাস। অন্যদিকে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটেও পরিবর্তন হয়েছে। বিশ্বজিৎ মুখার্জিকে কুলটি থানার এবং অখিলেশ কুমার সিংকে আসানসোল দক্ষিণ থানার আইসি করা হয়েছে।
আরও পড়ুন: Birbhum: বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু!
ডিজির নির্দেশে প্রশাসনিক পুনর্বিন্যাস
পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ও আইজিপি (ল অ্যান্ড অর্ডার) অজয় মুকুন্দ রানাডের স্বাক্ষরিত নির্দেশেই এই বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একসঙ্গে এতজন ইন্সপেক্টরের বদলি এবং একাধিক থানার আইসি পরিবর্তনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।



