Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃষ্টিতে খেলা দেরিতে শুরু হলেও রাজস্থানের ঝড়ের কাছে উড়ে গেল মুম্বই (Rajasthan Royals)।
রাজস্থানের দাপুটে জয় (Rajasthan Royals)
রাজস্থানের তরুণ ব্রিগেড যেন ঝড়ের আরেক নাম। বিপক্ষের বিরুদ্ধে ভয়ডর ইনিংস খেলেই বাজিমাত করছেন বৈভব-যশস্বী জয়সওয়ালরা। তাঁদের সামনে যেকোন বোলিং ফিকে পড়ে যাচ্ছে। আর সেই ফিকে পড়ে যাওয়া বোলিংকে নিয়ে রীতিমত ছেলেখেলা করছেন এই তরুণ তুর্কিরা (Rajasthan Royals)।
ইডেনে পাঞ্জাব বনাম কলকাতার ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। যার ফলে এক পয়েন্ট করে দুই দলের খাতায় যুক্ত হয়। এই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর মনে হচ্ছিল গুয়াহাটিতেও বোধহয় হতাশ হতে হবে দুই দলের সমর্থকদের। তবে ম্যাচ ভেস্তে না গেলেও খেলা শুরু হয় রাত ১০টার পর। আর এই ম্যাচে জয়ের হ্যাটট্রিক করল রাজস্থান। মুম্বইয়ের বিরুদ্ধে ২৭ রানে জয় ছিনিয়ে নেন বৈভবরা।

বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়ার কারণে ওভার কমিয়ে দেওয়া হয়। দুই দল ১১ ওভার করে খেলার সুযোগ পায়। ওভার কমলে কী হবে, রাজস্থানের ঝড় তাতে কমেনি। বৃষ্টির পর সেও এক আগ্রাসী ঝড়। যার দরুণ নির্ধারিত ১১ ওভারে রাজস্থান মাত্র তিন উইকেট হারিয়ে তুলে ফেলে ১৫০ রান। এই রানের পিছনে অবদান রয়েছে যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী জুটির। এরপর থেকেই এখন চর্চায় এই তরুণ জুটি। অনেকের মতে আইপিএল-এ এই মুহূর্তে এটাই সেরা জুটি (Rajasthan Royals)।

ওপেনিং জুটিতে দুরন্ত গতিতে ছুটতে থাকে রাজস্থানের ঘোড়া। ৩০ বলে ৮০ রান তোলে এই বিধ্বংসী জুটি। এই দিন বৈভবের সামনে কোনও প্রকার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বুমরা, বোল্ট, শার্দূল ঠাকুররা। বৈভব ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। অন্যদিকে যশস্বী আরও ভয়ঙ্কর। ৩২ বলে করলেন ৭৭। শেষে ১০ বলে ২০ রান যোগ করেন রিয়ান পরাগ। মুম্বইয়ের বোলারদের মধ্যে আল্লাহ ঘজনফর দুটি উইকেট ও শার্দূল ঠাকুর একটি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়েন মুম্বই ওপেনাররা। রোহিত এবং রিকেলটন ফেরেন যথাক্রমে ৫ এবং ৮ রান করে। সূর্যউমার যাদব এই ম্যাচেও ব্যর্থ হন। ফেরেন মাত্র ৬ রান করে। নমন ধীর ১৩ বলে ২৫ ও শেরফান রাদারফোর্ডের ৮ বলে ২৫ বাদে আর কেউই কিছু করতে পারেননি। ১১ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মুম্বই করে ১২৩ রান।
আরও পড়ুন: Jalpaiguri: নয়ানজুলি ভরাটকে কেন্দ্র করে দু পক্ষের দংঘর্ষ ধূপগুড়ি, আহত দু’পক্ষের ১২ জন
মুম্বইয়ের এই অবস্থার নেপথ্যে রাজস্থানের পেস আক্রমণের অবদান অনস্বীকার্য। নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা নেন দুটি করে উইকেট। জোফ্রা আর্চার ও তুষার দেশপাণ্ডে নেন একটি করে উইকেট। স্পিনার রবি বিষ্ণোই নেন দুটি উইকেট। রাজস্থানের এই তেজি ঘোড়ার সামনে এখনও পর্যন্ত দাঁড়াতে পারেনি কোনও দল। এখন দেখার আইপিএল-এর খেতাব জয়ের লক্ষ্যে নিজেদের এই পারফরম্যান্স কতটা সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারেন এই তরুণ তুর্কিরা (Rajasthan Royals)।


