Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর বিরুদ্ধে বৈভব ঝড়ের পর এবার উঠল অভিষেক ঝড়। নজির গড়লেন এই তারকা ওপেনার (Abhishek Sharma)।
অভিষেকের বিধ্বংসী ইনিংস (Abhishek Sharma)
চলতি আইপিএল-এ একের পর এক ঝড় হয়ে তাণ্ডব চালাচ্ছেন ভারতের তরুণ ব্যাটাররা। আরসিবি-র বিরুদ্ধে বৈভবের ইনিংস এখনও রয়েছে চর্চায় আর তার মধ্যেই আলোচনায় অভিষেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএল-এও তাঁর ফর্ম নিয়ে আলোচনা চলছিল কিন্তু আজ পাঞ্জাবের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করে সমালোচনার জবাব দিলেন ভারতের এই তারকা ওপেনার (Abhishek Sharma)।
পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে যেন আগুন ঝরালেন অভিষেক। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ধরা দিলেন জাতীয় দলের এই তারকা ওপেনার। যুবরাজ সিং যাঁর মেন্টর তাঁকে এরকম মেজাজেই দেখতে চাইবে ক্রিকেট সমর্থকরা। মুহূর্তে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন অভিষেক শর্মা। ১৮ বলে এল হাফ সেঞ্চুরি। এই ইনিংসের পর নতুন ইতিহাস লিখলেন তিনি। আইপিএল-এর ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার যিনি ২০ বলের কমে মোট পাঁচবার হাফ সেঞ্চুরি করলেন। এই অবিশ্বাস্য কৃতিত্ব এখন তাঁর। নিজেকে এই সীমিত ফরম্যাটে নিয়ে গেলেন অন্য উচ্চতায়। যেখানে এখন তিনি অনেকের ধরাছোঁয়ার বাইরে।

হায়দরাবাদের হয়ে ওপেন করতে নামেন অভিষেক এবং ট্র্যাভিস হেড। শুরু থেকেই বোলারের ত্রাস হয়ে ওঠেন অভিষেক। হেড ৩৮ রানে ফেরার পরেও ধ্বংসলীলা চালিয়ে যান অভিষেক। ২৮ বলে ৭৪ রানের এই বিধ্বংসী ইনিংসে রয়েছে ৫টি চার এবং ৮টি ছয়। স্ট্রাইক রেট ২৬৪.২৯। বিজয়কুমার বৈশাকের বলে ছক্কা হাঁকিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। এর আগে ১৬, ১৮ ও ১৯ বলে একাধিক বার এই কাজটা দক্ষতার সঙ্গে করেছেন অভিষেক। এরপর ঈশান কিষাণ করেন ২৭ এবং ক্লাসেন করেন ৩৯ রান। ২০ ওভারের শেষে হায়দ্রাবাদের স্কোর ২১৯ রান। তবে যেভাবে স্কোর এগোচ্ছিল তাতে আরও বেশি রান হওয়ার কথা ছিল কিন্তু এরপর আর কেউ বড় রানের ইনিংস খেলতে পারেননি।

আরও পড়ুন: Rajasthan Royals: ম্যাচ জেতার পরেই বিতর্কে রাজস্থান
২০ বলের কমে হাফ সেঞ্চুরির তালিকায় অভিষেক শর্মার পরেই রয়েছেন নিকোলাস পুরান, যার নামে আছে চারটি এমন ইনিংস। এ ছাড়া জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ট্র্যাভিস হেড এবং বৈভব সূর্যবংশী তিন বার করে এই নজির গড়েছেন। প্রসঙ্গত অভিষেকের এই ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তাই ১০০ রানে পৌঁছে যায় হায়দরাবাদ (Abhishek Sharma)।


