Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ‘মুম্বইয়ের লোকাল ট্রেন মানেই খোলা দরজা, ঠাসাঠাসি ভিড় আর জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনের যাতায়াত এমন ছবিই ছিল বহু দশকের। তবে এবার সেই অভ্যাসে বড় পরিবর্তন আসতে চলেছে। শহরের প্রথম নন-এসি, স্বয়ংক্রিয় দরজার লোকাল ট্রেন এসে পৌঁছেছে কুরলা কারশেডে(Mumbai Local)। সব ঠিক থাকলে, আগামী তিন মাসের মধ্যেই এটি পরীক্ষামূলক চলাচল শুরু করবে।
এবার নন এসিতেও স্বয়ংক্রিয় দরজা (Mumbai Local)
এই সিদ্ধান্তের পিছনে রয়েছে ২০২৫ সালের জুনে মুম্ব্রার কাছে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে ভিড়ের চাপে ফুটবোর্ড থেকে পড়ে পাঁচজন যাত্রীর মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই রেল কর্তৃপক্ষ নন-এসি ট্রেনের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। এতদিন স্বয়ংক্রিয় দরজা ছিল কেবল এসি লোকালে, যার ভাড়া তুলনামূলকভাবে বেশি।

যাত্রীদের ঝুঁকি অনেকটাই কমবে
নতুন এই ট্রেনে দরজা চলন্ত অবস্থায় বন্ধ থাকবে, ফলে যাত্রীদের পড়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমবে। তবে যেহেতু এটি নন-এসি, তাই বায়ু চলাচল একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেটি মোকাবিলায় ট্রেনে ব্যবহার করা হয়েছে ফোর্সড ভেন্টিলেশন সিস্টেম, যা বাইরে থেকে তাজা বাতাস ভেতরে প্রবাহিত করবে এবং সাধারণ লোকালের তুলনায় বেশি এয়ার-চেঞ্জ রেট বজায় রাখবে।
ট্রেনে ‘টক-ব্যাক’ সিস্টেম (Mumbai Local)
এছাড়াও, ট্রেনে থাকবে ‘টক-ব্যাক’ সিস্টেম, যার মাধ্যমে জরুরি অবস্থায় যাত্রীরা সরাসরি চালক বা গার্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। উন্নত আসন, এলইডি আলো এবং জিপিএস-ভিত্তিক তথ্য প্রদর্শন ব্যবস্থাও থাকছে।
আরও পড়ুন: Kashmir Apple: বিশ্ব উষ্ণায়নের প্রভাব: কাশ্মীরে আপেল বাগান তছনছ
ভাড়ায় পরিবর্তনের সম্ভাবনা নেই (Mumbai Local)
ভাড়ার ক্ষেত্রে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এটি এসি লোকালের তুলনায় অনেক সস্তা থাকবে, সম্ভবত প্রথম বা দ্বিতীয় শ্রেণির কাছাকাছি। পরীক্ষায় সফল হলে, ধীরে ধীরে মুম্বাইয়ের লোকাল নেটওয়ার্কে এই ধরনের আরও ট্রেন চালু করা হবে, যা নিরাপদ যাত্রার নতুন যুগের সূচনা করতে পারে।



