Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বৈশাখের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু। দিনের বেলায় সূর্যের প্রখর তাপে হাঁসফাঁস দশা, আর বিকাল গড়ালেই কালবৈশাখীর দাপট দক্ষিণবঙ্গে (South Bengal)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে আগামী কয়েকদিন।
দক্ষিণবঙ্গে বৃষ্টির দোসর ঝোড়ো হাওয়া (South Bengal)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
তবে স্বস্তির খবর, এই বৃষ্টির ফলে আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। যদিও এই স্বস্তি হবে সাময়িক। ঝঞ্ঝা কাটলেই ফের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মূলত অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলেই এই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে।
উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা (North Bengal Weather)
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট জারি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির ব্যাপকতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
তিলোত্তমার আবহাওয়া (Kolkata Weather Forecast)
কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হলেও, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে (South Bengal)। অর্থাৎ, ঘাম আর প্যাচপ্যাচে গরম থেকে এখনই পুরোপুরি রেহাই মিলছে না শহরবাসীর।


