Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যজুড়ে আবহাওয়ার দ্বিমুখী রূপ লক্ষ্য করা যাচ্ছে (Today weather report)। একদিকে যখন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট চলছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে তৈরি হচ্ছে এই খামখেয়ালি পরিস্থিতি।

দক্ষিণবঙ্গ আবহাওয়া (Today weather report)
দক্ষিণবঙ্গে বাড়ছে গরম ও অস্বস্তি। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ইতিমধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী সোমবারের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমের মতো জেলাগুলোতে তাপমাত্রা ৪০°C পার করতে পারে। কলকাতার ক্ষেত্রেও পারদ ৩৮°C ছুঁতে পারে। আজ শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে এবং গরমের তীব্রতা বাড়বে। সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বয়স্কদের এবং বাচ্চাদের এবং অসুস্থ মানুষদের ক্ষেত্রে বাইরে বেরোনোর জন্য নিষেধাজ্ঞা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের। বইতে পারে ” লু “। হিট স্ট্রোকের সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের আবহাওয়া (Today weather report)
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণের উল্টো ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে। সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনই কাটার সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি সম্ভাবনা আছে, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। আজ ভারী বৃষ্টির (৭০-১০০ মিমি) সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। উপরের পাঁচটি জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো হেরফের না হলেও মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তি অনুভূত হবে। আগামী মঙ্গল ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

কলকাতা আবহাওয়া (Today weather report)
কলকাতায় ভ্যাপসা গরম ও আংশিক মেঘলা আকাশ। কলকাতায় বৃষ্টির চেয়ে আর্দ্রতাজনিত অস্বস্তিই হবে প্রধান মাথাব্যথার কারণ। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বাড়ছে। দুপুরের পর হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বজায় থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন ২৭.৩°C এর আশেপাশে থাকলেও আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: House 54 : ক্লান্ত জীবনে একটু অন্যরকম বিরতি চাই? আসছেন হাউস ৫৪ নাট্য উৎসবে
সার্বিকভাবে, সপ্তাহান্তে রাজ্যবাসীর জন্য খুব একটা স্বস্তির খবর নেই। উত্তরের জেলাগুলোতে বৃষ্টির জন্য সতর্কতা জারি থাকলেও দক্ষিণবঙ্গে রোদের তেজ এবং লু-এর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।



