Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্তে সামনে এসেছে নতুন দাবি। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযুক্ত সিয়া গোয়াল তাঁর প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে ভবিষ্যৎ গড়ার জন্য এই হত্যার ছক কষেছিলেন(Ketan Murder)। পুলিশের তদন্তে উঠে এসেছে, চেতন নাকি সিয়াকে বিয়ের আগে অন্তত তিন বছর অপেক্ষা করতে বলেছিলেন, যাতে তিনি নিজের কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। কিন্তু এরই মধ্যে সিয়ার সঙ্গে কেতনের বিয়ে নভেম্বর মাসে ঠিক হয়ে গিয়েছিল।
‘তিন বছরের স্বাধীনতা’ পাওয়ার পরিকল্পনা (Ketan Murder)
তদন্তকারীদের দাবি, কেতনের মৃত্যুর পর পরিবারের শোকের কারণে সিয়ার বিয়ের বিষয়টি কয়েক বছর পিছিয়ে যেতে পারত। সেই সময়ে তিনি স্বাধীনভাবে থাকতে পারতেন এবং চেতন নিজের কেরিয়ারে মন দিতে পারতেন। পরে দু’জন একে অপরকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ।

ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল ষড়যন্ত্র
পুলিশের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই কেতনকে হত্যার পরিকল্পনা শুরু হয়। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ইন্টারনেটে হত্যার বিভিন্ন উপায় খুঁজেছিলেন। এমনকি ঘটনার আগে তারা লোহাগড় দুর্গে গিয়ে পরিকল্পনার মহড়াও দেন এবং ধরা পড়লে কী জবাব দেবেন, তাও আগে থেকে অনুশীলন করেছিলেন।
ফোনের তথ্য মুছে ফেলার অভিযোগ
তদন্তে আরও জানা গেছে, ঘটনার আগে ও পরে সিয়া ও চেতন নিজেদের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি এবং রিসাইকেল বিন মুছে ফেলেন। উদ্ধারযোগ্য তথ্য খুঁজতে দুটি ফোনই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
প্রথম চেষ্টায় বেঁচে যান কেতন (Ketan Murder)
পুলিশের অভিযোগ, ১৪ জুন সিয়া প্রথমবার কেতনকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে ধাক্কা দেন। তবে কেতন একটি ঝোপ আঁকড়ে ধরে প্রাণে বেঁচে যান। এরপর সিয়া সাপ দেখার ভান করে পরিস্থিতি সামাল দেন। পরে আবার কেতনকে একই জায়গায় নিয়ে যান এবং সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন চেতন। অভিযোগ, দু’জনে মিলে পিছন থেকে ধাক্কা দিয়ে কেতনকে খাদে ফেলে দেন, যার ফলে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: NHAI Bee Corridor: হাইওয়ের ‘বি করিডর’ কি সত্যিই মৌমাছি চাষে কাজে দেবে? বিশেষজ্ঞের বড় প্রশ্ন
তদন্তকারীদের দাবি, মূল পরিকল্পনা ব্যর্থ হলে বিকল্প ‘প্ল্যান সি’-ও আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল(Ketan Murder)। তবে এই সব তথ্য তদন্ত-সংশ্লিষ্ট সূত্র ও পুলিশের দাবি; আদালতে বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলি প্রমাণিত নয়।



