Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে সরকারি বাসে মহিলাদের (Pink Card) বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ১ অগস্ট থেকে আর শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা পাওয়া যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি বাসে নিখরচায় ভ্রমণ করতে হলে বাধ্যতামূলকভাবে ‘পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড’ ব্যবহার করতে হবে।
কী বলছে নির্দেশিকা? (Pink Card)
দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি)-র নির্দেশিকা (Pink Card) অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত আগের নিয়মে গোলাপি রঙের ‘পিঙ্ক টিকিট’ দিয়ে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে ১ অগস্ট থেকে সেই ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। নতুন স্মার্ট কার্ড না থাকলে যাত্রীদের নির্ধারিত ভাড়া দিয়েই টিকিট কাটতে হবে।
পিঙ্ক কার্ডে কী কী থাকবে?
এই স্মার্ট কার্ডে উপভোক্তার ছবি, একটি স্বতন্ত্র পরিচয় নম্বর এবং আধার ও মোবাইল নম্বরের সংযোগ থাকবে। এর মাধ্যমে যাত্রীর বয়স, লিঙ্গ এবং দিল্লির বাসিন্দা কি না, তা সহজেই যাচাই করা সম্ভব হবে। কার্ডটির নকশা ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের আদলে তৈরি হয়েছে এবং ভবিষ্যতে মেট্রো ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থাতেও এটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
বাসে ওঠার সময় দরজার কাছে থাকা ইলেকট্রনিক মেশিনে এই কার্ড ট্যাপ করলেই বিনামূল্যে যাত্রার অনুমতি মিলবে। অন্যদিকে, কার্ড না থাকলে আর কোনও পিঙ্ক টিকিট দেওয়া হবে না।
আরও পড়ুন: Global Infertility: দেরিতে সন্তান নেওয়ার প্রবণতা, বাড়ছে বন্ধ্যাত্বের ঝুঁকি: ল্যানসেট গবেষণা
উল্লেখযোগ্য বিষয় হল, পশ্চিমবঙ্গেও ভবিষ্যতে একই ধরনের স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে রাজ্যে মহিলারা পরিচয়পত্র দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। নতুন ব্যবস্থা চালু হলে সেই প্রক্রিয়াতেও পরিবর্তন আসতে পারে।


