Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : রাজ্যে নতুন গুন্ডাদমন আইন লাগু হতেই হাইকোর্টে জনস্বার্থ মামলা (Calcutta High Court)। অবিলম্বে নতুন এই আইনের উপর স্থগিতাদেশের দাবি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
বিধানসভায় গুন্ডাদমন বিল শুভেন্দু সরকারের
রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন অপরাধ, তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও গুন্ডাগিরি দমনে কোনও আপোষ করবেন না তাঁরা। আইন এনে তা নির্মূল করবেন। সেই মতো বিধানসভায় গুন্ডাদমন বিল আনে সরকার। এবং গত ২৯ জুন ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ পাশ হয়।
হাইকোর্টের দ্বারস্থ বামেরা (Calcutta High Court)
আজ অর্থাৎ ১৩ জুলাই থেকেই রাজ্য জুড়ে নতুন গুন্ডা দমন আইন লাগু হওয়ার কথা। আর এই দিনেই নতুন এই গুন্ডাদমন আইনের উপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল বামেরা। সিপিআইএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের আবেদন মেনে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এই সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।
পুলিশ বা তদন্তকারী সংস্থাকে বিপুল ক্ষমতা নতুন আইনে
বিলের খসড়ায় বলা হয়েছে, কমিশন চাইলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণের চেয়েও দ্বিগুণ বা ‘দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ’ ও জরিমানা লাগু করতে পারে। বর্তমানে রাজ্যে যে আইন রয়েছে, তা দিয়ে এই দুরাবস্থা ঠেকানো সম্ভব নয় বলেও বলা হয়েছে বিলে। তাই পুলিশ বা তদন্তকারী সংস্থাকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে নতুন আইনে।

আরও পড়ুন : Chandannagar Light: বিশ্বখ্যাত চন্দননগরের আলোয় সাজবে তারকেশ্বর
মামলাকারী আইনজীবীর দাবি (Calcutta High Court)
মামলাকারী সিপিআইএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, এই আইন গায়ের জোরে লাগু করতে চাইছে বিজেপি সরকার। সন্দেহের বশে কাউকে গ্রেফতার করা সম্পূর্ণ মানবাধিকার ও সংবিধান বিরোধী। তাই অবিলম্বে এই নতুন আইনের উপর স্থগিতাদেশের আবেদন করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।



