Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দুই মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর ফিনল্যান্ডে পড়তে যাওয়া হায়দরাবাদের ১৮ বছর বয়সী ছাত্র মনিদীপ রেড্ডির মৃতদেহ উদ্ধার হয়েছে(Finland Missing Student)। হেলসিঙ্কির সমুদ্র এলাকা থেকে উদ্ধার হওয়া দেহটি তাঁর ব্যক্তিগত জিনিসপত্রের ভিত্তিতে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিতদের মধ্যে।
হায়দরাবাদি ছাত্রের দেহ উদ্ধার (Finland Missing Student)
মনিদীপ রেড্ডি ফিনল্যান্ডের লাপেনরান্টা-লাহতি ইউনিভার্সিটি অব টেকনোলজি (LUT University)-তে সফটওয়্যার অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন। গত ৫ মে তিনি লাহতি থেকে ট্রেনে হেলসিঙ্কি যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৫টা ১৪ মিনিট নাগাদ তিনি হেলসিঙ্কি সেন্ট্রাল রেলস্টেশনে পৌঁছান। পরে শহরের একটি বার্গার দোকানে খাবার কেনেন এবং রাত ৮টা নাগাদ ক্রুনুভুওরেনরান্তা এলাকার একটি কে-মার্কেট সুপারমার্কেটে তাঁকে শেষবার দেখা যায়। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি(Finland Missing Student)।
ফিনিশ পুলিশ জানিয়েছে, ৯ জুলাই ক্রুনুভুওরেনরান্তা এলাকায় তল্লাশির সময় সমুদ্র থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে কোনও অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত এখনও চলছে।
অন্যদিকে মনিদীপের পরিবার এই মৃত্যুকে সন্দেহজনক বলে দাবি করেছে। পরিবারের আইনজীবীর অভিযোগ, নিখোঁজ হওয়ার কয়েক দিন পর অর্থাৎ ৯ ও ১০ মে মনিদীপের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে লগ-ইন হওয়ার তথ্য পাওয়া গেছে, যা রহস্য আরও বাড়িয়েছে।
পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার আগে মনিদীপ তাঁর মায়ের কাছে ৬,০০০ টাকা পাঠাতে বলেছিলেন। টাকা পাঠানো হলেও সেই অর্থ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যবহার করা হয়নি। এছাড়া ছেলেকে খুঁজতে ফিনল্যান্ডে যাওয়ার জন্য ভিসার আবেদন করলেও আর্থিক সক্ষমতার পর্যাপ্ত প্রমাণ নেই এই কারণ দেখিয়ে মনিদীপের বাবা-মায়ের আবেদন খারিজ করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: South Korea Jail: আরও এক মামলায় দোষী সাব্যস্ত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন, ২ বছরের জেল
যদিও ফিনিশ কর্তৃপক্ষ এখনও কোনও অপরাধের ইঙ্গিত দেয়নি, মনিদীপের পরিবার ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে, যাতে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং নিখোঁজ হওয়ার পর কী ঘটেছিল, তা স্পষ্টভাবে সামনে আসে।



