Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দায়ের হওয়া (Mahua Moitra) মামলায় এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই মামলায় কলকাতা হাইকোর্ট তাঁকে ৫ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ দিয়েছিল। সেই সঙ্গে তদন্ত জারি রাখার পাশাপাশি আগামী ১৪ আগস্ট মহুয়াকে তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। পাশাপাশি, হাজিরার সময় তাঁর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেও পুলিশকে দিয়েছিল আদালত। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মহুয়া। আগামী সপ্তাহে শুনানি সম্ভাবনা।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া (Mahua Moitra)
এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) । গত ১ জুলাই ২১ শহীদ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি সভায় যোগ দিতে নদীয়ার দলীয় কার্যালয়ে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেখানেই বিক্ষোভের মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়, হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন। এই ঘটনা বিজেপি কর্মী সমর্থকরা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। সেই সময় হেনস্থাকারীদের উদ্দেশ্যে বোরখা পরা নিয়ে মহুয়া বিতর্কিত মন্তব্য করে বলে অভিযোগ। অভিযোগ, কৃষ্ণনগরের সাংসদ না কি বলেছিলেন, ‘এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছুড়ুন। তাহলে আপনাদের কেউ দেখতে পাবে না। তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগও উঠবে না।’
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ (Mahua Moitra)
এই মন্তব্যের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে নদিয়ার হোগলবেড়িয়ার থানায় মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টে আইনী সুরক্ষার আবেদন জানিয়ে আবেদন করেন মহুয়া মৈত্র। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য্য আগামী ৫ অক্টোবর অথবা আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ পুলিশ করতে পারবে না বলে নির্দেশ দেন। সেই সঙ্গে হাইকোর্টে নির্দেশে বলে, পুলিশ আইন অনুযায়ী তদন্ত চালিয়ে যেতে পারবে। আগামী ১৪ আগস্ট বিকেল ৩টায় তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে। হাজিরার সমযয় পুলিশকে মহুয়া মৈত্রর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। যাতে তাঁকে ডিম ছোড়া বা কোনও রকম হেনস্থা করা না হয়।
আরও পড়ুন: Abhishek Banerjee: হাইকোর্টে স্বস্তি অভিষেকের, রক্ষাকবচ আপাতত বহাল রাখল আদালত
কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন মহুয়া মৈত্র। আগামী সপ্তাহে তাঁর মামলার শুনানির সম্ভাবনা।


