Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে আইনি টানাপোড়েন (Abhishek Banerjee)। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়। তবে সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে আদালত। শুনানি চলাকালীন রাজ্যের নিরাপত্তা পর্যালোচনা প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বিচারপতি।
ছয়বার হামলার অভিযোগ, তবুও কেন নিরাপত্তা পর্যালোচনা নয়? (Abhishek Banerjee)
আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, ২০১৩ সাল থেকে নিরাপত্তাজনিত হুমকির আশঙ্কায় জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন অভিষেক। কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পর কোনও নিরাপত্তা রিভিউ কমিটি গঠন না করেই অন্তর্বর্তী ব্যবস্থার নামে তাঁর নিরাপত্তা কমিয়ে সর্বনিম্ন ‘এক্স’ ক্যাটেগরিতে নামিয়ে আনা হয়(Abhishek Banerjee)।
আইনজীবীর আরও দাবি, নিরাপত্তা কমিয়ে দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের উপর অন্তত ছ’বার হামলার ঘটনা ঘটেছে। বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় যে সংখ্যক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রয়েছেন, তাতে সম্ভাব্য বিপদ থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে সুরক্ষিত রাখা কঠিন। এই পরিস্থিতিতে নিরাপত্তা বাড়ানো অত্যন্ত জরুরি বলেও আদালতে সওয়াল করেন তিনি।
রাজ্যের কাছে নিরাপত্তা কমানোর তারিখ জানতে চাইল আদালত (Abhishek Banerjee)
শুনানিতে সমস্ত নথি খতিয়ে দেখে বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের কাছে জানতে চান, ঠিক কবে অভিষেকের নিরাপত্তা কমানো হয়েছিল। রাজ্যের আইনজীবী জানান, গত ১২ মে তাঁর নিরাপত্তা কমানো হয়। পুজোর ছুটির সময় নিরাপত্তা বাড়ানোর আবেদন জানালে পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি পুনরায় পর্যালোচনা করে।
কিন্তু এখানেই রাজ্যের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলে আদালত। অভিষেকের বিরুদ্ধে একাধিক হুমকি ও হামলার অভিযোগ থাকা সত্ত্বেও জয়েন্ট কমিশনার সিকিউরিটি কেন সেগুলি পর্যালোচনা করেননি, সেই প্রশ্ন তোলেন বিচারপতি। নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টে হামলার অভিযোগের উল্লেখ নেই কেন, তা নিয়েও ব্যাখ্যা চাওয়া হয়।
ছয় মাস অপেক্ষা কেন? রাজ্যের যুক্তিতে অসন্তুষ্ট বিচারপতি (Abhishek Banerjee)
রাজ্যের আইনজীবী জানান, প্রতি ছ’মাস অন্তর নিরাপত্তা পর্যালোচনার নিয়ম রয়েছে। আগামী নভেম্বর মাসের শেষে অভিষেকের নিরাপত্তা নিয়ে ফের পর্যালোচনা করা হবে। কলকাতা পুলিশের কাছে নির্দিষ্ট হুমকির রিপোর্ট না থাকায় তাঁকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এরপরই বিচারপতি প্রশ্ন করেন, যখন মামলাকারীর উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে, তখন নিরাপত্তা পর্যালোচনা করা হয়নি কেন? তার জন্য ছ’মাস অপেক্ষা করতে হবে কেন? বিচারপতি স্পষ্ট করেন, কাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে, তা আদালত ঠিক করবে না। কিন্তু হামলার অভিযোগ থাকা সত্ত্বেও কেন সেগুলি পর্যালোচনা করা হয়নি, তার জবাব জানতে চায় আদালত।
আরও পড়ুন: Milk Price: বাড়ল আমুলের দুধের দাম, লিটারে কত টাকা বেশি গুনতে হবে?
বুলডোজার অভিযান নিয়েও হাইকোর্টের প্রশ্ন
এদিন শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অস্থায়ী নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল কীভাবে, সেই প্রশ্নও তোলে হাইকোর্ট। ফলে নিরাপত্তা সংক্রান্ত মামলার পাশাপাশি বাড়ির সামনের নির্মাণ ভাঙার ঘটনাও শুনানিতে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।



