Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কন্যা মীরার জন্মের পরে কিছুটা সময়ের জন্য অভিনয় জগত থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। মাতৃত্বের ব্যস্ততার মাঝেই ধীরে ধীরে আবার ফিরছেন দৈনন্দিন কর্মজীবনের ছন্দে। নিয়মিত জিমে যান তিনি, নিজের ফিটনেস ধরে রাখতে প্রতিদিনই ঘাম ঝরাচ্ছেন। কিন্তু এই যাতায়াতের পথেই ঘটল এক অস্বস্তিকর ঘটনা, যা নিয়ে মুখ খুললেন তিনি নিজেই।

জিম থেকে ফেরার পথে তৈরি করলেন ভিডিও (Ahona Dutta)
জিম থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে মোবাইলে একটি ভিডিও রেকর্ড করেন অহনা। জানান, বেশ কয়েকদিন ধরেই একই সমস্যার মুখোমুখি হয়ে অবশেষে বিষয়টি প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন। তাঁর কথায়, তিনি কখনও উসকানিমূলক পোশাক পরেননি, বরং সম্পূর্ণ শরীর ঢাকা থাকে জিমের পোশাকে। অহনার প্রশ্ন, “আমি যা পরে থাকি, তার মধ্যে কোনও অসভ্যতার ইঙ্গিত থাকে কী? তাও কেন এত অদ্ভুত দৃষ্টিকটূ দৃষ্টি আমাকে সহ্য করতে হয়?”
টোটোয় উঠলেই অস্বস্তি (Ahona Dutta)
অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, বাড়ি থেকে জিমের দূরত্ব মাত্র পাঁচ মিনিট। তাই টোটো করেই যাতায়াত করেন তিনি। কিন্তু সমস্যা শুরু সেখান থেকেই। টোটোর খোলা কাঠামোর কারণে চারদিক থেকে মানুষ তাঁকে দেখতে পায়, ফলে প্রতিবারই তিনি অস্বস্তিতে পড়েন। অহনার ভাষায় “টোটোতে উঠলেই দেখি চারপাশে লোকজন হা করে তাকিয়ে থাকে। বুঝতে পারি না তারা কী দেখে, কী ভাবে। প্রতিদিনই এই দৃশ্য দেখতে হয়। সত্যিই খুব অদ্ভুত একটা অনুভূতি।”

নিজেকে নিরাপদ মনে হয় শুধু গাড়ির ভিতরে (Ahona Dutta)
এই পরিস্থিতিতে তিনি জানিয়েছেন, জনসমক্ষে বা পাবলিক ট্রান্সপোর্টে নিজের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। একমাত্র নিজের গাড়ি বা কাজের জায়গার ভিতরেই কিছুটা স্বস্তি পান। অহনার মন্তব্য “সবসময় তো গাড়ি বা ক্যাবে যাওয়া সম্ভব নয়। মাঝে মাঝে পাবলিক ট্রান্সপোর্টে উঠতেই হয়। কিন্তু রাস্তায় বেরোলে এই হা করে তাকিয়ে থাকা সত্যিই অসহ্য হয়ে উঠছে।”
আরও পড়ুন: SIR: কলকাতায় ফর্ম বিলিতে ধীরগতি, সতর্ক করল কমিশন!
এই পৃথিবীটাকে মেয়েদের জন্য একটু সুরক্ষিত করুন
নিজের মতো করে এই অভিজ্ঞতা তুলে ধরে তিনি অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ ও প্রশাসনের প্রতি। একই সঙ্গে অন্য নারীদের প্রতিও আহ্বান জানিয়েছেন, তাঁরা যদি একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন, সেটাও যেন জানান। অহনার আবেদন “মেয়েদের জন্য এই পৃথিবীটা একটু সুরক্ষিত করুন, প্লিজ়।”



