Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের বিভিন্ন জেলায় এনুমারেশন ফর্ম (SIR) বিলির কাজ প্রায় শেষের দিকে পৌঁছালেও কলকাতার গতি তুলনামূলকভাবে অনেক পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে বসে কমিশনের প্রতিনিধি দল, যেখানে কলকাতার কাজের ধীরগতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
এসআইআর সংক্রান্ত প্রস্তুতি (SIR)
এদিন উত্তর ও দক্ষিণ কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার (SIR) এসআইআর সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, দুই কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক এবং বিভিন্ন এলাকার ইআরওরা। বৈঠকে কমিশনের তরফে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম বিলির কাজ শেষ না হলে ভোট প্রস্তুতিতে বড়সড় দেরি হতে পারে। তাই দ্রুততা বাড়াতে হবে এবং প্রয়োজনে মাঠপর্যায়ের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করতে হবে।
ফর্ম বিলির সময় সমস্যা (SIR)
কমিশন সূত্রে জানা গেছে, কলকাতার বেশ কিছু এলাকায় বিএলওরা (SIR) ফর্ম বিলির সময় সমস্যায় পড়ছেন। বহু জায়গায় ভোটারদের নাম বা ঠিকানা মেলে না, কারও কারও তথ্য পাওয়া যাচ্ছে না, ফলে কাজের গতি কমে যাচ্ছে। কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, এই সমস্ত সমস্যার দ্রুত সমাধান করতে হবে এবং ২৬ নভেম্বরের মধ্যেই ফর্ম বিলি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে।
আরও পড়ুন: India Weather Update: উত্তর ভারতে শুরু শৈত্যপ্রবাহ, দক্ষিণে আবারও বৃষ্টির দাপট!
রাজ্যে এখন পর্যন্ত মোট ৭ কোটি ৬৩ লক্ষের বেশি ভোটারকে ফর্ম বিলির কাজ সম্পন্ন হয়েছে, যা প্রায় ৯৯.৫৫ শতাংশ। ডিজিটাইজেশনের ক্ষেত্রে কাজের অগ্রগতি তুলনামূলক কম-মাত্র প্রায় ১৪ শতাংশের কাছাকাছি ফর্ম ডিজিটাইজড হয়েছে। তবে কমিশনের দাবি, অন্তত ২ কোটি ৩৫ লক্ষ ভোটারের তথ্য খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শেষ করা গেছে, কারণ পুরনো ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে তাদের তথ্য ম্যাপিংয়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

কলকাতার পরে আগামী বুধবার মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার এসআইআর প্রস্তুতি পর্যালোচনা করতে আবারও বৈঠকে বসবে কমিশন। এ তিন জেলার সীমান্তবর্তী বিশেষ অবস্থানের কারণে সেখানে তদারকি আরও কড়াকড়ি হতে চলেছে। এদিকে, নির্বাচন কমিশন সর্বভারতীয়ভাবে জানিয়েছে যে, পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে চলেছে। মোট ৫০ কোটির বেশি ভোটারের মধ্যে প্রায় ৯৮.৫৪ শতাংশকে ইতিমধ্যেই ইনিউমারেশন ফর্ম দেওয়া গিয়েছে এবং জমা পড়া ফর্মের ডিজিটাইজেশনও উল্লেখযোগ্য হারে এগোচ্ছে।


