Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল মাঠে লাল কার্ড দেখা নতুন কিছু নয় (Brazil Football)। কিন্তু এক ম্যাচে ৫১টি লাল কার্ড! তাও আবার ম্যাচের ৬০ মিনিটের মধ্যেই! শুনতে অবিশ্বাস্য লাগলেও ব্রাজিলের মাটিতে ঘটেছে এমনই এক ঘটনা। বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পেলেও নানা কারণে বারবার শিরোনামে উঠে আসছে পেলের দেশ। বুধবার ব্রাজিলের একটি অনূর্ধ্ব-২০ ফুটবল ম্যাচে এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে। দুই দলের ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফ, কর্মকর্তা—প্রায় কেউই রেহাই পাননি রেফারির লাল কার্ড থেকে। ভেঙে গিয়েছে এতদিনের সর্বাধিক লাল কার্ড দেখানোর বিশ্বরেকর্ডও।
গোল উদযাপন ঘিরেই শুরু সংঘর্ষ (Brazil Football)
ঘটনাটি ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো অনূর্ধ্ব-২০ দ্বিতীয় ডিভিশনের সেমিফাইনালের। মিনাস জেরাইসে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয়েছিল উবেরলান্দিয়া এবং মামোরে। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মামোরে। গোল করার পর দলের ফরোয়ার্ড দাভি প্রতিপক্ষের বেঞ্চের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর এই গোল উদযাপনকে উসকানিমূলক বলে মনে করে উবেরলান্দিয়া শিবির। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উবেরলান্দিয়ার গোলকিপিং কোচ মাঠে ঢুকে দাভিকে চ্যালেঞ্জ জানান। সেখান থেকেই শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যে দুই দলের ফুটবলার, পরিবর্ত খেলোয়াড় এবং কোচিং স্টাফরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এমনকি দলের কর্মকর্তা ও বোর্ড সদস্যরাও এই ঘটনায় জড়িয়ে যান।
৪০ মিনিট বন্ধ খেলা (Brazil Football)
পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সংঘর্ষ থামাতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। মাঠে শৃঙ্খলা ফেরাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় স্থানীয় সামরিক পুলিশকেও। রেফারির রিপোর্ট অনুযায়ী, কয়েকজন বলবয়ও এই সংঘর্ষে অংশ নিয়েছিল। এমনকি বিভিন্ন বস্তু ব্যবহার করে প্রতিপক্ষের সদস্যদের আক্রমণ করার অভিযোগও উঠেছে। ফুটবল মাঠের এমন ভয়াবহ বিশৃঙ্খলা সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।
৫১টি লাল কার্ড (Brazil Football)
এই সংঘর্ষের আগে ম্যাচে তিনজন ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। এরপর পরিস্থিতি সামাল দিতে রেফারি আরও ৪৮টি লাল কার্ড দেখান। সব মিলিয়ে বহিষ্কৃত হন ৫১ জন। তাঁদের মধ্যে রয়েছেন ৪৩ জন ফুটবলার, আটজন সাপোর্ট স্টাফ এবং দুজন ক্লাব কর্মকর্তা। অর্থাৎ, দুই দলের প্রথম একাদশ থেকে শুরু করে রিজার্ভ বেঞ্চের প্রায় প্রত্যেকেই এই ঘটনায় শাস্তির মুখে পড়েন। ফুটবল মাঠে এমন গণহারে লাল কার্ড দেখানোর ঘটনা কার্যত নজিরবিহীন।

২০১১ সালের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস (Brazil Football)
এর আগে এক ম্যাচে সর্বাধিক লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল আর্জেন্টিনার দখলে। ২০১১ সালে সে দেশের পঞ্চম ডিভিশনের ক্লেপোল এবং ভিক্টোরিয়ানো অ্যারেনাসের ম্যাচে মোট ৩৬টি লাল কার্ড দেখানো হয়েছিল (Brazil Football)। দীর্ঘদিন ধরে সেটিই ছিল বিশ্বরেকর্ড। কিন্তু ব্রাজিলের এই ম্যাচে ৫১টি লাল কার্ড দেখিয়ে সেই নজিরকে অনেকটাই পিছনে ফেলে দেওয়া হয়েছে। একদিকে নতুন রেকর্ড, অন্যদিকে ফুটবল মাঠে এমন নজিরবিহীন বিশৃঙ্খলা—সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবল মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ব্রাজিলের এই ম্যাচ।
আরও পড়ুন: Virat Kohli Birthday: শচীন ছিলেন স্বপ্ন, বিরাট আজ নিজেই এক ইতিহাস!
যে ম্যাচে তরুণ ফুটবলারদের প্রতিভা ও দক্ষতার লড়াই দেখার কথা ছিল, সেখানেই শেষ পর্যন্ত তৈরি হল এক লজ্জাজনক ইতিহাস। ফুটবল যে আবেগের খেলা, তা ঠিক। কিন্তু সেই আবেগের লাগাম ছাড়ালে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, ব্রাজিলের এই ঘটনা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।



