Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুপার ফোরে ফের একবার মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। ভারত সেই ম্যাচ জিতে গেলেও ভারতীয়দের ক্ষোভ বেড়েই চলছে (Asia Cup 2025)। ম্যাচে পাকিস্তানের অঙ্গভঙ্গির বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ জানালো ভারতীয় বোর্ড।
পাক ক্রিকেটারদের বিরুদ্ধে নালিশ (Asia Cup 2025)
ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে কোনও না কোনও বিতর্ক বরাবরই চর্চায় এসেছে। এশিয়া কাপের প্রথম ম্যাচের পর বিতর্ক হয়েছিল ভারতীয় দলের হ্যান্ডশেক না করা নিয়ে। তার বিরুদ্ধে আইসিসির কাছেও নালিশ করেছিল পাকিস্তান। এবার পাকিস্তানের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড। সুপার ফোরের ম্যাচে পাকিস্তান প্লেয়ারদের করা অঙ্গভঙ্গি কোনও ভারতীয় সমর্থকই ভাল চোখে দেখেন নি। এবার সেই বিষয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে BCCI (Asia Cup 2025)।
সূত্রের খবর অনুযায়ী পাক ওপেনার পাক পেসার হ্যারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে সরকারিভাবে ভারতীয় বোর্ডের তরফে অভিযোগ জানানো হয়েছে। সুপার ফোরের ম্যাচে রউফের সেলিব্রেশন করার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। ম্যাচ চলাকালীন তিনি ইশারা করেন যুদ্ধবিমান আচমকাই উড়তে উড়তে ভেঙে পড়ে এবং তাকে হাতের ছয় আঙ্গুল দেখাতেও দেখা যায়। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয়রা। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের ছ’টি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করে পাকিস্তান। যদিও ভারতীয় সেনা এই দাবিকে উড়িয়ে দিয়েছেন। ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কোনও প্রমাণও পাওয়া যায়নি। ভারতীয়দের মতে এই সেলিব্রেশন ‘ভারতবিদ্বেষী’।

তবে শুধু রউফ না পাক ওপেনারের সেলিব্রেশন নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। পাক ওপেনার সাহিবজাদা ফারহান ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করার পর নিজের ব্যাট তুলে দর্শকদের দিকে গুলি চালানোর ভঙ্গি করেন। ক্রিকেট মাঠে জঙ্গি হানার মর্মান্তিক ঘটনার স্মৃতি উস্কে দিয়েছেন এই পাক ব্যাটার। তবে সূত্রের খবর নিজের সেলিব্রেশন নিয়ে নাকি মোটেও অনুতপ্ত নন পাক ওপেনার।
সূত্রের খবর অনুযায়ী এই দুই পাক ক্রিকেটাররের সেলিব্রেশন নিয়েই আইসিসির কাছে ইমেল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইসিসির তরফে এখনও কোনও ইমেল পাওয়ার কথা জানানো হয় নি (Asia Cup 2025)।


