Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’-এর ঘর ফের একবার উত্তপ্ত বিতর্কে ভরে উঠেছে (Bigg Boss 19)। সঙ্গীত পরিচালক আমাল মালিকের একটি কথোপকথনের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়। ভিডিওটিতে দেখা যায়, তিনি সহ-প্রতিযোগী শেহবাজ বাদেশার সঙ্গে কথা বলার সময় আপত্তিকর ভাষায় কারও সম্পর্কে মন্তব্য করছেন। ক্লিপে তাঁকে বলতে শোনা যায় “আমরা বিপজ্জনক লোক, ওকে এক্ষুনি কামড়াব, ওকে কুকুর বানিয়ে দেব। এখানে কেন, বাইরেও ওকে ধরব।” যদিও তিনি কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন, তা স্পষ্ট নয়, তবে অধিকাংশ দর্শক ও নেটিজেনের ধারণা, মন্তব্যগুলি সমাজকর্মী এবং সহ-প্রতিযোগী তানিয়া মিত্তল-এর উদ্দেশ্যেই করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় (Bigg Boss 19)
ক্লিপটি প্রকাশ্যে আসার পর থেকেই আমাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন দর্শক ও ভক্তরা। তাঁর বক্তব্যকে “অশালীন”, “আপত্তিকর” এবং “নারীবিদ্বেষী” বলে সমালোচনা করছেন অনেকেই। একজন ব্যবহারকারী লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না, আমি এই ভাঁড়ের পিছনে সময় নষ্ট করেছি। আমার পছন্দ ভুল ছিল।” অন্য একজনের বক্তব্য,“আমি তানিয়ার জন্যই বিগ বস দেখা শুরু করেছিলাম। তাঁদের বন্ধুত্ব দেখে ভালো লাগত। কিন্তু একজন ভালো মানুষ কখনও এমন ভাষা ব্যবহার করতে পারেন না।” প্রাক্তন সমর্থকরাও মুখ ফিরিয়েছেন সঙ্গীত পরিচালক থেকে। সোশ্যাল মিডিয়ায় এখন ‘#AmalMalikCancelled’ হ্যাশট্যাগ ট্রেন্ড করছে।
পূর্ববর্তী বিতর্কেও জড়িয়েছিলেন আমাল (Bigg Boss 19)
এটাই প্রথম নয়, এর আগেও ‘বিগ বস ১৯’-এ আমাল মালিককে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সহ-প্রতিযোগীদের সঙ্গে তাঁর আচরণ, রাগের প্রকাশ এবং তীব্র মন্তব্যের জন্য তিনি আগেও শিরোনামে এসেছেন। তবে সাম্প্রতিক এই ঘটনার পর তাঁর ভাবমূর্তি আরও প্রশ্নের মুখে পড়েছে।
শো কর্তৃপক্ষের নীরবতা (Bigg Boss 19)
এই মুহূর্তে ‘বিগ বস’ কর্তৃপক্ষ বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁরা এখনও পর্যন্ত এই ভিডিওর প্রেক্ষাপট কিংবা প্রসঙ্গ নিয়ে কিছুই জানায়নি। ফলে দর্শকদের মধ্যে বিভ্রান্তি এবং ক্ষোভ আরও বাড়ছে।
উইকএন্ড কা ভার (Bigg Boss 19)
প্রতিটি বিতর্কের পরের সমাধান সাধারণত দেখা যায় ‘উইকএন্ড কা ভার’-এ। সলমন খানের উপস্থিতিতে প্রতিযোগীদের মুখোমুখি প্রশ্নোত্তর এবং তিরস্কারের মুহূর্তগুলো সবসময়ই আকর্ষণের কেন্দ্র। তাই এবারও দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সপ্তাহান্তে সলমন খান কীভাবে আমাল মালিকের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানান, এবং শো-র পরিবেশে কোনও পরিবর্তন আসে কি না।
আরও পড়ুন: Salman Khan: শরীরের যন্ত্রণা সত্ত্বেও সুস্থ ও ফিট সলমন খান, ছবি দেখেই অবাক অনুরাগীরা!
শো কতটা সীমা মানবে?
‘বিগ বস’ সবসময়ই বিতর্কের শো। কিন্তু প্রশ্ন উঠছে ক্যামেরার সামনে এমন ঘৃণাত্মক বা আক্রমণাত্মক মন্তব্য কতটা সহ্যযোগ্য? নেটিজেনদের একাংশের দাবি, এই ধরনের মন্তব্যের জন্য শো কর্তৃপক্ষের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া এবং প্রতিযোগীদের স্পষ্ট সীমারেখা নির্ধারণ করা।



