Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সামারল্যান্ড ও সংলগ্ন এলাকায় ভয়াবহ দাবানল পরিস্থিতিকে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে (Canada Forest Fire)। মাইলের পর মাইল জুড়ে শুধু আগুন আর ধোঁয়া। আকাশের স্বাভাবিক নীল রং বদলে কোথাও লালচে, কোথাও ধোঁয়ায় ধূসর হয়ে উঠেছে। মাত্র কয়েক দিনের মধ্যে আগুনের বিস্তার এতটাই বেড়েছে যে বহু মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় ১৩৬ বর্গকিলোমিটার এলাকা ইতিমধ্যেই আগুনে পুড়ে গিয়েছে।
মুহূর্তে বদলে যাচ্ছে পরিস্থিতি (Canada Forest Fire)
শুক্রবার থেকে পরিস্থিতির অবনতি শুরু হলেও রবিবার নাগাদ দাবানল ভয়াবহ রূপ নেয়। শুকনো আবহাওয়া ও বাতাসের কারণে আগুন দ্রুত নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। সামারল্যান্ডের মেয়র ডগ হোমস বাসিন্দাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর সতর্কবার্তায় স্পষ্ট, পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে এলাকার নিরাপত্তা পরিস্থিতি।
দাবানলে প্রাণহানি, আতঙ্কে বাসিন্দারা (Canada Forest Fire)
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মিডো ভ্যালিতে প্রায় ৮০ বছরের এক মহিলা আগুন থেকে বাঁচতে বাড়ি ছাড়ার চেষ্টা করার সময় অগ্নিশিখার কবলে পড়েন। অন্যদিকে বহু পরিবার শেষ মুহূর্তে বাড়ি ছেড়ে প্রাণ বাঁচিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, বছরের পর বছর যে বাড়িতে বসবাস করেছেন, সেটি ছেড়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত তাঁদের কখনও নিতে হয়নি।
‘মনে হচ্ছে যেন বোমা পড়ছে’ (Canada Forest Fire)
ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবাই দাবানলের ভয়াবহতা বোঝাতে পরিস্থিতিকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন। তাঁর বক্তব্য, একের পর এক আগুন দেখে মনে হচ্ছে যেন মুহুর্মুহু বোমা পড়ছে। বহু বাড়ি ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও মানুষ বাড়িতে আটকে পড়েছেন, আবার কোথাও ঘরে থাকাও নিরাপদ নয়। ফলে দ্রুত উদ্ধার অভিযান চালানো প্রশাসনের প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: Bus Accident: বিজেপির কর্মসূচি থেকে ফেরার পথে ভয়াবহ বাস-লরি সংঘর্ষ
জরুরি ব্যবস্থা, বন্ধ পর্যটন
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পর্যটনে নিষেধাজ্ঞা জারি করেছে। বাসিন্দাদের বারবার বাড়ি খালি করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। দমকলকর্মী, উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন একযোগে আগুন নিয়ন্ত্রণ ও মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই দাবানল কানাডার সামনে এক গভীর প্রাকৃতিক বিপর্যয়ের চ্যালেঞ্জ তৈরি করেছে।



