Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের দিনক্ষণ ঘোষণার পরের দিনই পথে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন দিল্লিতে নির্বাচন কমিশনের নির্দেশে একের পর এক শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের বদলি করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই রাজপথে নেমে কড়া চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী(CM Rally)।
ভোট ঘোষণার পরদিনই পথে মমতা (CM Rally)
বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই আবার পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল, তবে ভোটের আবহে সোমবার মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদী মিছিল রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা।
বিজেপিকে আক্রমণ মমতার
মিছিলের সামনের সারিতে ছিলেন বিরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য ও নয়না দাসের মতো নেত্রীরা। মাথায় গ্যাস সিলিন্ডারের প্রতীকী প্রতিকৃতি নিয়ে মিছিলে হাঁটেন কয়েক হাজার কর্মী-সমর্থক। মিছিল ডোরিনা ক্রসিংয়ের পৌঁছতেই সেখান থেকে বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। কৃত্তিম ভাবে গ্যাসের সংকট তৈরি করেছে কেন্দ্র সরকার, তোপ দাগেন মমতা।
কমিশন ও বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো
রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মুখ্যসচিব থেকে শুরু করে কলকাতার পুলিশ কমিশনার, সব শীর্ষ আধিকারিকদের বদলি করেছে কমিশন। ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে বদলেছেন, এটা অ্যান্টি-বাঙালি মানসিকতা। যে অফিসারকেই পাঠাক তারা আমাদের হয়েই কাজ করবে।
পুলিশ কমিশনার বদল নিয়ে কটাক্ষ (CM Rally)
একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে কেন বদল করা হল? টাকা ঢোকাবেন সে জন্য? হামলা করবেন যাতে ধরতে না পারেন সে জন্য? বিজেপিকে তোপ দেগে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শশী পাঁজার বাড়িতে হামলা করা নিয়েও বিজেপিকে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। বুকের পাটা থাকলে কালীঘাটে হামলা করে দেখাক, দিলীপ ঘোষকে পাল্টা জবাব মমতার।
আরও পড়ুন: New Trend: ‘5 To 9 Before 9 To 5’ রুটিন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন প্রোডাক্টিভিটি ট্রেন্ড
তৃণমূলের ঘর গোছানোর বড় বার্তা (CM Rally)
নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা এবং প্রশাসনের রদবদলের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল আদতে তৃণমূলের ঘর গোছানোর বড় বার্তা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভোটের বঙ্গে রাজপথের দখল যে তৃণমূল ছাড়ছে না, সেটাই স্পষ্ট করে দিল শাসক দল।



