Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিওয়ালির রেশ কাটতে না কাটতেই ফের দূষণের বিষে (Delhi AQI) জর্জরিত দিল্লি। বুধবার সকালে রাজধানীর বায়ুদূষণের মাত্রায় সামান্য উন্নতি দেখা গেলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সকাল ৭টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ২৯৯। মঙ্গলবার এই পরিমাণ ছিল ৩০৭। অর্থাৎ দূষণের সূচক কিছুটা কমলেও স্বাভাবিক পরিস্থিতি থেকে এখনও অনেক দূরে রয়েছে রাজধানী।
কমেছে সামগ্রিক সূচক (Delhi AQI)
দূষণের ভয়াবহতা সবচেয়ে বেশি ধরা পড়েছে দিল্লির (Delhi AQI) একাধিক এলাকায়। চাওলায় AQI পৌঁছেছে ৩৯৬-এ। চাঁদনি চকেও দূষণের মাত্রা ৩৭৯। এছাড়া ডিটিইউ ও আইআইটি দিল্লিতে ৩৭৫, উত্তর ক্যাম্পাসে ৩৭৪ এবং আইটিও এলাকায় ৩৬৭ রেকর্ড করা হয়েছে। বুরারি ক্রসিং, পুসা, নরেলা ও জাফরপুরের মতো এলাকাতেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ফলে সামগ্রিক সূচক কিছুটা কমলেও বহু জায়গায় বাতাসের গুণমান অত্যন্ত খারাপ।
প্রসঙ্গত, দিওয়ালির আগে থেকেই দূষণ নিয়ে সতর্ক ছিল প্রশাসন। বাজি পোড়ানোর উপর বিভিন্ন বিধিনিষেধ জারি করা হলেও উৎসবের পর দূষণের পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। অন্যদিকে, দিল্লির দূষণের অন্যতম কারণ হিসেবে শস্যের গোড়া পোড়ানোর প্রসঙ্গও উঠে এসেছে। দিল্লির মন্ত্রী কপিল মিশ্র এই বিষয়ে পাঞ্জাবকে নিশানা করেছেন।


