Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-এ গতকাল থেকেই বড়সড় কারিগরি ত্রুটি দেখা দিয়েছে (Delhi Flight Delay)। এর ফলে দেশজুড়ে বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। শুক্রবারের হিসাব অনুযায়ী, দিল্লি থেকে আসা এবং যাওয়া ১০০টিরও বেশি বিমান নির্ধারিত সময়ের থেকে দেরিতে উড়েছে। বহু ফ্লাইট ঘন্টার পর ঘন্টা বিলম্বে পৌঁছেছে গন্তব্যে।

AMSS সিস্টেমে ত্রুটি (Delhi Flight Delay)
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিপর্যয়ের মূল কারণ হলো অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম -এ দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটি। এই সিস্টেমটি দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের মধ্যে তথ্য আদান-প্রদান করে। এই ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় ফ্লাইট ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে।

কলকাতার আকাশেও পড়েছে প্রভাব (Delhi Flight Delay)
দিল্লির এই প্রযুক্তিগত ত্রুটির প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরেও। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা-দিল্লি এবং দিল্লি-কলকাতা রুটের একাধিক বিমান বিলম্বে চলছে। অনেক যাত্রী দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন। কেউ কেউ তাদের সংযোগকারী ফ্লাইটও মিস করেছেন, ফলে যাত্রা পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে যাচ্ছে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, দিল্লি থেকে উড্ডয়নের অনুমতি না পাওয়ায় এখানে আগত একাধিক ফ্লাইট সময়মতো পৌঁছতে পারছে না। একইভাবে, দিল্লিমুখী উড়ানও মাটিতে আটকে পড়ছে নির্দিষ্ট অনুমতির অপেক্ষায়।
যাত্রীদের জন্য বিশেষ পরামর্শ (Delhi Flight Delay)
বিমান কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনের ওয়েবসাইটে ফ্লাইটের স্ট্যাটাস দেখে নিতে। দীর্ঘ প্রতীক্ষা ও বিভ্রান্তি এড়াতে এই সতর্কতা জারি করা হয়েছে।
- SpiceJet জানিয়েছে, যাত্রীরা যেন নিয়মিত তাদের ওয়েবসাইটে গিয়ে ফ্লাইট স্ট্যাটাস দেখেন spicejet.com/#status।
- IndiGo-র পক্ষ থেকেও একটি অফিসিয়াল বিবৃতি জারি করে জানানো হয়েছে, দিল্লির ATC সিস্টেমে কারিগরি সমস্যার কারণে দেশজুড়ে তাদের বহু ফ্লাইট দেরিতে চলছে। তাদের ওয়েবসাইটে সর্বশেষ আপডেট দেখা যাবে।
- Air India যাত্রীদের পরামর্শ দিয়েছে, ফ্লাইটের সময়সূচি যাচাই না করে যেন কেউ বিমানবন্দরে না যান।
ভোগান্তিতে হাজার হাজার যাত্রী (Delhi Flight Delay)
দিল্লি থেকে কলকাতা, মুম্বই থেকে চেন্নাই সব জায়গায় এখন একই চিত্র। বিমানবন্দরের লাউঞ্জে যাত্রীদের ভিড়, বোর্ডে বারবার পরিবর্তন হওয়া সময়সূচি, উদ্বেগ আর ক্লান্তির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বহু যাত্রী অভিযোগ করছেন, হঠাৎ ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তনের কারণে তাঁদের অফিস, মিটিং, এমনকি আন্তর্জাতিক সংযোগও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ কেউ বিকল্প ট্রেন বা সড়কপথে যাত্রার সিদ্ধান্ত নিচ্ছেন।
আরও পড়ুন: Donald Trump: তৃতীয় লিঙ্গের স্বীকৃতি শেষ! এ কি আধুনিক আমেরিকার অন্ধকারতম মুহূর্ত?
AAI-র আশ্বাস
সূত্রের খবর, AAI জানিয়েছে, “আমাদের টেকনিক্যাল টিম সর্বোচ্চ চেষ্টা করছে যাতে যত দ্রুত সম্ভব সিস্টেমটি পুনরুদ্ধার করা যায়। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আমাদের প্রথম অগ্রাধিকার।” তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের AMSS ত্রুটি খুবই বিরল হলেও, এটি দেশের বিমান চলাচল ব্যবস্থার ডিজিটাল নির্ভরতার ঝুঁকি-কে আবারও সামনে এনে দিয়েছে।



