Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো বাঙালির কাছে শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার সংস্কৃতি, শিল্প, সাহিত্য, সৃজনশীলতা ও আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক ঐতিহ্য (Durga Puja 2026)। সেই পুজোর প্রতিমা কেমন হবে, মণ্ডপের নকশা কেমন হবে, মণ্ডপের আশপাশে আমিষ খাবার বিক্রি করা যাবে কি না, প্রতিমায় কী ধরনের পোশাক থাকবে কিংবা শিল্পীরা দেবীকে কীভাবে উপস্থাপন করবেন এসব নিয়েও যদি কোনও সংগঠন নির্দেশিকা দিতে আসে, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বাঙালির নিজস্ব উৎসবের স্বাধীনতা কি তাহলে সংকুচিত হচ্ছে?
দেবী দুর্গা শুধু দেবী নন, বাঙালির ঘরের মেয়ে (Durga Puja 2026)
বাংলার দুর্গাপুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার নিজস্ব সাংস্কৃতিক চরিত্র। এখানে দুর্গা যেমন মহিষাসুরমর্দিনী, তেমনই তিনি উমা—বাঙালির ঘরের মেয়ে। শরৎকালে মেয়ের বাপের বাড়ি ফেরার যে আবেগ, সেটিই দুর্গাপুজোকে বাংলায় অন্য মাত্রা দিয়েছে। কারও কাছে তিনি মা, কারও কাছে মেয়ে, আবার কারও কাছে শৈশব-স্মৃতি ও পারিবারিক মিলনের প্রতীক।
ইতিহাসের বহু স্তর পেরিয়ে আজকের দুর্গোৎসব (Durga Puja 2026)
দুর্গার আরাধনার ইতিহাস বাংলায় বহু পুরনো এবং তা নিয়ে নানা ঐতিহাসিক ও গবেষণামূলক মত রয়েছে। লোকায়ত দেবী-আরাধনা, আদিবাসী সংস্কৃতি, পুরাণ, রাজপরিবারের পৃষ্ঠপোষকতা এবং পরবর্তীকালে জমিদারবাড়ির পুজো—বিভিন্ন ধারার সংমিশ্রণে বাংলার দুর্গোৎসবের বর্তমান রূপ তৈরি হয়েছে। বিষ্ণুপুরের মৃন্ময়ী দুর্গার ঐতিহ্য থেকে কলকাতার বনেদি বাড়ির পুজো, আর সেখান থেকে বারোয়ারি ও সর্বজনীন পুজো—এই দীর্ঘ যাত্রাই প্রমাণ করে, দুর্গাপুজো সময়ের সঙ্গে বদলেছে এবং সাধারণ মানুষও তাকে নিজের মতো করে গ্রহণ করেছে।
বারোয়ারি থেকে সর্বজনীন (Durga Puja 2026)
একসময় দুর্গাপুজো মূলত অভিজাত ও জমিদার পরিবারের পরিসরে সীমাবদ্ধ ছিল। পরে বারোয়ারি এবং সর্বজনীন পুজোর মাধ্যমে তা পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। পাড়ায় পাড়ায় তৈরি হয় মণ্ডপ, প্রতিমায় আসে নতুন শিল্পভাবনা, থিমের মাধ্যমে উঠে আসে সমাজ, ইতিহাস ও সমকাল। এই সৃজনশীল স্বাধীনতাই বাংলার দুর্গাপুজোকে দিয়েছে তার স্বাতন্ত্র্য।
ইউনেস্কোর স্বীকৃতিও এই বৈচিত্র্যেরই সম্মান (Durga Puja 2026)
বাংলার দুর্গাপুজোর সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণ আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। ২০২১ সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে ‘Intangible Cultural Heritage of Humanity’-র তালিকায় অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এই উৎসবের বিশেষত্ব তার একরৈখিকতায় নয়, বরং শিল্প, সংস্কৃতি, মানুষের অংশগ্রহণ এবং পরিবর্তনশীল সৃজনশীলতার মধ্যে।
আরও পড়ুন:Tourism Development: ধনধান্য অডিটোরিয়ামে পর্যটনের নতুন দিশার সূচনা
বাঙালিকে কি দুর্গাপুজো শেখানোর প্রয়োজন আছে?
প্রশ্নটা তাই কোনও একটি সংগঠনকে ঘিরে সীমাবদ্ধ নয়। আসল প্রশ্ন—বাঙালির শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক উৎসবের চরিত্র নির্ধারণ করবে কে? ধর্মীয় বিশ্বাস অবশ্যই ব্যক্তিগত ও সম্প্রদায়ের বিষয়। কিন্তু দুর্গাপুজো যখন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, তখন তার শিল্পরীতি, মণ্ডপসজ্জা কিংবা উৎসবের প্রকাশভঙ্গি নিয়ে একমাত্রিক ‘ফরমান’ চাপিয়ে দেওয়ার চেষ্টা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।



