Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ডার্বির আগে ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে জোড়া স্বস্তির খবর। একদিকে, ভিসা জট কাটিয়ে আগামী ৭-১০ দিনের মধ্যে ভারতে আসতে চলেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং অন্যদিকে, চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি। যদিও দুই ফুটবলারের কাউকেই আসন্ন ডার্বিতে পাওয়ার সম্ভাবনা নেই লাল-হলুদ শিবিরের।
ভিসা জট কাটছে এফ এফিয়ংয়ের (East Bengal)
এফিয়ংকে সই করানো হয়ে গেলেও তাঁর ভারতে আসা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। পাসপোর্ট সংক্রান্ত সমস্যার কারণে ভারত সরকারের কাছ থেকে ভিসার ছাড়পত্র পাচ্ছিলেন না এই নাইজেরিয়ান স্ট্রাইকার। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পর্যন্ত ছুটতে হয়েছিল ইস্টবেঙ্গলের প্রতিনিধিদের। কথাবার্তা চললেও ভিসা না মেলায় ক্রমশ বাড়ছিল অপেক্ষা।
অবশেষে সেই জটিলতা কাটতে চলেছে। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে ভিসা পেতে পারেন এফিয়ং। সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শুরুতেই ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেবেন তিনি। তবে আসন্ন কলকাতা ডার্বিতে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।
রিহ্যাবে আনোয়ার, ফিরতে লাগবে আরও সময় (East Bengal)
এদিকে, গত ৩ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন আনোয়ার আলি। পরীক্ষায় তাঁর এসিএল গ্রেড-টু চোট ধরা পড়ে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত আট সপ্তাহ সময় লাগার কথা। তাঁর অনুপস্থিতিতে শেষ তিন ম্যাচে ৯ গোল হজম করেছে ইস্টবেঙ্গল।
তাই দ্রুত সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে রবিবার থেকেই রিহ্যাব শুরু করে দিয়েছেন আনোয়ার। যদিও এদিন সতীর্থদের সঙ্গে নয়, আলাদা অনুশীলন করেছেন তিনি। মাঠে ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে এই ডিফেন্ডারের। তবে ডার্বির আগে তাঁর রিহ্যাবে নামা নিঃসন্দেহে লাল-হলুদ শিবিরের কাছে স্বস্তির খবর।
আল হুসেইনের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া হাবাস (East Bengal)
মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে জর্ডনের ক্লাব আল হুসেইনের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। চার ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে রয়েছে লাল-হলুদ। নক-আউট পর্বে ওঠার আশা কার্যত শেষ। তবে ডার্বির আগে এই ম্যাচে জিতে দলের আত্মবিশ্বাস বাড়াতে মরিয়া কোচ হাবাস।
সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ চার ম্যাচে জয় পায়নি ইস্টবেঙ্গল। প্রতিটি ম্যাচেই দল নির্বাচন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্প্যানিশ কোচকে। প্রথম লেগে আল হুসেইনের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছিল লাল-হলুদকে। ঘরের মাঠে এবার পুরো তিন পয়েন্ট তুলে নিতে চাইবে তারা।
ফর্মেশনে বদলের ভাবনা (East Bengal)
আল হুসেইনের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে তিন ডিফেন্ডারের ফর্মেশনে দল সাজাতে পারেন হাবাস। পাশাপাশি প্রথম একাদশে ফিরতে পারেন একে লোবা। এসসি দিল্লির বিরুদ্ধে ড্রয়ের হতাশা ভুলে নতুন উদ্যমে মাঠে নামাই এখন লাল-হলুদের লক্ষ্য।
আরও পড়ুন: Table Tennis: রাজ্য টেবিল টেনিসে রেকর্ড, নামছেন ১০৮৪ প্যাডলার!
চোটের ধাক্কা আল হুসেইন শিবিরেও (East Bengal)
রবিবার সকালে কলকাতায় পৌঁছেছে আল হুসেইন দল। তবে চোটের কারণে মঙ্গলবারের ম্যাচে কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না জর্ডনের ক্লাবটি (East Bengal)। সেই তালিকায় রয়েছেন গোলরক্ষক ইয়াজিদ, সালাহ আল-ফারাশ এবং কলম্বিয়ার স্ট্রাইকার ব্রায়ান রিয়াসকোস। ফলে ঘরের মাঠে কিছুটা বাড়তি সুবিধা কাজে লাগিয়ে জয়ে ফিরতে চাইবে ইস্টবেঙ্গল।



