Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় মানুষের মানবিক আবেদন, বহু মানুষের সামান্য সামান্য সাহায্য এবং অসহায় পরিবারের আশার আলো—সবকিছু যেন এক মুহূর্তেই নিভে গেল প্রতারকদের ফাঁদে (Fraud case)। ১১ মাসের ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য বহু কষ্টে জোগাড় করা প্রায় ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই ঘটনায় সর্বস্বান্ত হয়ে দিশাহারা শিশুটির বাবা-মা। প্রতারণার অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

বোনম্যারো প্রতিস্থাপনের জন্য অর্থ সংগ্রহ (Fraud case)
আউশগ্রামের বাসিন্দা রিকু মেটে। মাত্র ১১ মাস বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়েছে সে। কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটিকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে বোনম্যারো প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানো বাবার পক্ষে বিপুল চিকিৎসার খরচ জোগাড় করা কার্যত অসম্ভব।
এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসার জন্য পাড়ার এক যুবক সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। ভিডিওতে রিকুর বাবার গুগল পে-র স্ক্যানারও দেওয়া হয়। সেই আবেদন দেখে এগিয়ে আসেন বহু সহৃদয় মানুষ। তাঁদের ছোট-বড় সাহায্যে অ্যাকাউন্টে জমা পড়ে প্রায় ২৪ হাজার টাকা। এই অর্থই ছিল শিশুটির চিকিৎসার জন্য পরিবারের অন্যতম ভরসা।
ইউটিউবারের নাম ভাঁড়িয়ে প্রতারণার অভিযোগ (Fraud case)
অভিযোগ, শনিবার সকালে জনপ্রিয় ইউটিউবার হুসেন মনসুরির নাম ও ছবি ব্যবহার করে রিকুর বাবার কাছে ফোন আসে। চিকিৎসার জন্য মোটা অঙ্কের আর্থিক সাহায্য দেওয়ার প্রলোভন দেখানো হয়। সেই প্রলোভনে পড়ে কৌশলে অ্যাকাউন্টের গোপন তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা। এরপরই অ্যাকাউন্টে জমা থাকা চিকিৎসার সমস্ত টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
আরও পড়ুন: BJP MLA Rekha Patra: ভেন্টিলেশন সাপোর্টে বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও কাটেনি বিপদ
চিকিৎসা কীভাবে চলবে, চিন্তায় বাবা-মা
সন্তানের চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পেতে জোগাড় করা টাকাও প্রতারণার শিকার হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন রিকুর বাবা-মা। এখন কীভাবে চিকিৎসা চালাবেন, সেই চিন্তায় দিশাহারা তাঁরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতারকদের দ্রুত গ্রেপ্তার করে টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



