Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোয় ব্যবহৃত বাসি ফুল আর ফেলে দেওয়া আবর্জনা হিসেবে নয়, বরং পরিবেশবান্ধব পণ্য তৈরির উপকরণ হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার (Eco Friendly Initiative)। পুজোর ফুল থেকে ধূপ ও আবির তৈরির উদ্যোগের কথা আগেই জানিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার সেই ফুল গৃহস্থ বাড়ি থেকে কীভাবে সংগ্রহ করা হবে, তার বিস্তারিত পদ্ধতিও সামনে আনলেন তিনি। রবিবার দুর্গাপুর নগর নিগমে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

ধর্মীয় আবেগের সঙ্গে পরিবেশ রক্ষার ভাবনা (Eco Friendly Initiative)
হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। মন্দির কিংবা বাড়ির ঠাকুরঘরে পুজোর পর ব্যবহৃত ফুল নিয়ে বহু মানুষের নানা ধর্মীয় বিশ্বাস ও সংস্কার রয়েছে। ভগবানের পায়ে দেওয়া ফুল অনেকেই যেখানে-সেখানে ফেলতে চান না। অথচ পরবর্তীতে সেই ফুল কখনও আবর্জনার সঙ্গে মিশে যায়, কখনও আবার পুকুর কিংবা নদীতে ফেলে দেওয়া হয়। এর ফলে জল ও পরিবেশ দূষণের আশঙ্কাও ক্রমশ বাড়ছে।
এই সমস্যার মোকাবিলায় পুজোর ফুল পুনর্ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্দিরের ফুল থেকে ধূপ, আবির তৈরির পাশাপাশি ফুলের নির্যাস কাজে লাগিয়ে সুগন্ধি উপাদান তৈরির ভাবনাও রয়েছে। দক্ষিণেশ্বর, কালীঘাট এবং নৈহাটির বড়মার মন্দির থেকেও ফুল সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে আগেই জানিয়েছিলেন মন্ত্রী।
বাড়ি বাড়ি ফুল সংগ্রহ করবে বিশেষ গাড়ি (Eco Friendly Initiative)
এবার গৃহস্থ বাড়ি থেকে ফুল সংগ্রহের পদ্ধতি ব্যাখ্যা করে অগ্নিমিত্রা পাল বলেন, ঠাকুরঘরের ফুল পুকুরে না ফেলে একটি প্যাকেটে ভরে সারা সপ্তাহ রেখে দিতে হবে। সপ্তাহে নির্দিষ্ট একদিন বিশেষ গাড়ি বাড়ি বাড়ি গিয়ে সেই ফুল সংগ্রহ করবে। সেই গাড়ি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে থাকবে ঠাকুর-দেবতার ছবি। পাশাপাশি বাজবে ধর্মীয় গান। গান শুনেই সাধারণ মানুষ বুঝতে পারবেন, ফুল সংগ্রহের গাড়ি তাঁদের এলাকায় এসেছে। কোন দিন কোন এলাকায় গাড়ি যাবে, তা আগেই নির্ধারণ করে দেওয়া হবে। নির্দিষ্ট দিনে সেই গাড়িতে বাড়ির পুজোর ফুল তুলে দিতে পারবেন বাসিন্দারা। সংগৃহীত ফুল পুনর্ব্যবহার করে তৈরি হবে ধূপ ও আবির।
আরও পড়ুন: BJP MLA Rekha Patra: ভেন্টিলেশন সাপোর্টে বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও কাটেনি বিপদ
আসানসোল থেকেই শুরু উদ্যোগ
মন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগের কাজ শুরু হবে আসানসোল থেকে। ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে পরিবেশ দূষণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পথ তৈরি করা এবং ব্যবহৃত ফুলকে পুনরায় কাজে লাগানোর লক্ষ্যেই এই পরিকল্পনা। উদ্যোগটি বাস্তবায়িত হলে পুজোর ফুল বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার পরিবর্তে তা থেকে নতুন পণ্য তৈরির সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি শহরের বর্জ্য ব্যবস্থাপনাতেও এই উদ্যোগ নতুন দিশা দেখাতে পারে।



