Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF Election) গুরুত্বপূর্ণ নির্বাচনে এ বার লড়াইয়ে ন’জন প্রাক্তন ফুটবলার। ২৩ নভেম্বর ফেডারেশনের ‘স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ (SOM) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চারটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন মহিলা ও চার জন পুরুষ ফুটবলার। নির্বাচিত চার জন জায়গা পাবেন ফেডারেশনের সাধারণ সভায়। তাঁদের মধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা সদস্য সুযোগ পাবেন ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতেও।
৪০ জনের তালিকা থেকে লড়াইয়ে মাত্র ৯ জন (AIFF Election)
ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট, ২০২৫ এবং ২০২৬ সালের সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, AIFF-এর সাধারণ সভায় SOM পদে দু’জন পুরুষ ও দু’জন মহিলা সদস্য থাকবেন। তাঁদের মধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা সদস্য এক্সিকিউটিভ কমিটিতেও জায়গা পাবেন।
এই নিয়ম মেনেই চলতি মাসের শুরুতে ২০ জন পুরুষ ও ২০ জন মহিলা প্রাক্তন ফুটবলারের তালিকা প্রকাশ করেছিল AIFF। পুরুষদের তালিকায় ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া এবং আই এম বিজয়ন। মহিলাদের তালিকায় জায়গা পেয়েছিলেন ওনাম বেমবেম দেবী ও আশালতা দেবী। তবে প্রাথমিক তালিকায় ৪০ জনের নাম থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ন’জন।
কারা রয়েছেন নির্বাচনের লড়াইয়ে? (AIFF Election)
AIFF-এর প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, পুরুষদের বিভাগে লড়ছেন শরাফ আলি, জো পল আঞ্চেরি, ব্রুনো কুটিনহো এবং মুস্তাক আলি। মহিলাদের বিভাগে প্রার্থী ওনাম বেমবেম দেবী, শুক্লা দত্ত, বেনতলা ডি’কথ, কল্পনা দাস এবং শ্রদ্ধাঞ্জলি সামন্তরায়।
তবে চূড়ান্ত তালিকা থেকে নাম প্রত্যাহার করতে চেয়েছিলেন শ্রদ্ধাঞ্জলি সামন্তরায় ও শরাফ আলি। কিন্তু তাঁদের আবেদন খারিজ করে দিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিক রাজীব শর্মা। শ্রদ্ধাঞ্জলি ভারতের মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। ওডিশা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ও জুনিয়র মহিলা দলের নির্বাচক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।
অন্য দিকে, শরাফ আলি কেরল স্টেট স্পোর্টস কাউন্সিলের প্রাক্তন সভাপতি। লিওনেল মেসি ও আর্জেন্তিনা জাতীয় দলের প্রস্তাবিত কেরল সফর ঘিরে স্পনসরশিপ জালিয়াতির অভিযোগে সম্প্রতি তাঁর নাম জড়িয়েছিল।
কেন খারিজ হল মনোনয়ন প্রত্যাহারের আবেদন? (AIFF Election)
শ্রদ্ধাঞ্জলি ও শরাফের আবেদন খারিজের কারণও জানিয়েছেন নির্বাচনী আধিকারিক রাজীব শর্মা। তাঁর নির্দেশ অনুযায়ী, দুই প্রার্থীই মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেওয়া এবং তা যাচাই করানোর জন্য ব্যক্তিগত ভাবে তাঁর সামনে হাজির হননি। নির্দিষ্ট নিয়ম মেনে আবেদনগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সেই কারণেই আবেদন গ্রহণ করা যায়নি।
আরও পড়ুন: East Bengal: ডিসেম্বরে কলকাতায় এফিয়ং! ডার্বিতে কি পাওয়া যাবে আনোয়ারকে?
২০ ডিসেম্বর AIFF-এর এক্সিকিউটিভ কমিটির নির্বাচন (AIFF Election)
২৩ নভেম্বরের নির্বাচনে চার জন SOM সদস্য নির্বাচিত হবেন (AIFF Election)। তাঁদের মধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা সদস্য AIFF-এর এক্সিকিউটিভ কমিটিতেও জায়গা পাবেন। আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির নির্বাচন হওয়ার কথা। ফলে SOM নির্বাচনকে ঘিরে AIFF-এর অন্দরে এখন বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।



