Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ও তাঁর ঘনিষ্ঠ আনিসুর রহমান-সহ তিন জনের জামিন বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। আগামী ১২ সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা।
২৩-এ গ্ৰেফতার, ২৫-এ জামিন (Jyotipriya Mallick)
রাজ্যে রেশন বিতরণে ব্যাপক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ২০২৩ সালের ২৭ অক্টোবর তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে গ্ৰেফতার করে ইডি। দীর্ঘদিন হাজতে থাকার পর প্রায় ১৪ মাস তদন্তের পর, চলতি বছরের জানুয়ারিতে আদালতের নির্দেশে তিনি জামিন পান। বালু জামিনে মুক্তি পাওয়ার মাত্র সপ্তাহখানেক পর একই মামলায় অভিযুক্ত তাঁর ঘনিষ্ঠ আনিসুরও জামিন পান।
জামিনে মুক্তির পর তদন্তে প্রভাব পড়ার আশঙ্কা (Jyotipriya Mallick)
কিন্তু জামিনে মুক্তির পর থেকেই অভিযুক্তেরা তদন্তে প্রভাব ফেলতে পারেন। বাইরে থাকলে তাঁরা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং মামলার গুরুত্বপূর্ণ নথি নষ্ট বা গোপন করার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা ইডি’র। তাই তাঁদের জামিন বাতিলের আবেদন জানিয়েছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আদালতকে জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আর্থিক দুর্নীতির পরিমাণ প্রায় হাজার কোটি টাকারও বেশি। তাই অভিযুক্তদের বাইরে রাখা তদন্তে গুরুতর প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন:Chingrighata Metro: অবশেষে কাটতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর জট, নভেম্বর থেকেই কাজ শুরুর সম্ভাবনা
প্রাক্তন মন্ত্রী এবং শাসকদলের গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ কেবল আইনি নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলছে বলে অভিযোগ। রাজ্য-রাজনীতিতে দুর্নীতি ইস্যুতে যখন বিরোধীরা তৃণমূল সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে, তখন ইডির এই পদক্ষেপ ইঙ্গিতবাহী হবে বলেই মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন:Calcutta High Court : ‘দ্য বেঙ্গল ফাইলস’ চলচ্চিত্র নিয়ে মামলায় তথ্যের অভাবে মামলা খারিজ হাইকোর্টের
আগামী ১২ সেপ্টেম্বর হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ইডি’র এই আবেদনে আদালত কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার। তবে হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) আইনজীবীরা অবশ্য দাবি করেছেন, এখনও মামলা সংক্রান্ত কোনও নথি তাঁরা হাতে পাননি। নথি তাঁদের হাতে আসার পরই আইনি পদক্ষেপ করবেন।


