Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। আজ থেকেই ময়দানে নেমে কাজ শুরু। বাড়ি বাড়ি যাওয়া শুরু করল বিএলও-রা। শুরু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে শুরু হয়েছে এসআইআরের কাজ (SIR)। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বুথ লেভেল অফিসাররা এখন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের জন্য ‘এনুমারেশন ফর্ম’ বিতরণ করতে শুরু করেছে।
এসআইআর ‘ম্যাপিং’-এর কাজ শুরু (SIR)
রাজ্যের ২৯৪টি আসনে মোট ৭ কোটি ৬৬ লক্ষেরও বেশি ভোটারের কাছে এই ফর্ম পৌঁছানো হবে। কমিশনের তরফে ইতিমধ্যে এসআইআর ‘ম্যাপিং’ বা পুরনো ভোটার তালিকার সঙ্গে নতুন তালিকা মেলানোর কাজ শুরু হয়েছে। সিইও দফতর সূত্রে খবর, ২০০২ সালে শেষ এসআইআর-এর (SIR) তথ্যের সঙ্গে এখনও পর্যন্ত রাজ্যের মোট ভোটারের ৩২.০৬ শতাংশ, অর্থাৎ ২ কোটি ৪৫ লক্ষ ৭১ হাজার ১১৪ জন ভোটারের তথ্য মিলেছে। যাঁদের তথ্য ম্যাচ করেছে, তাঁদের শুধু এনুমারেশন ফর্ম পূরণ করলেই চলবে। আলাদা করে কোনো নথিপত্র লাগবে না। তবে, ২০০২ সালের তালিকার সঙ্গে যোগসূত্র খুঁজে না পাওয়া গেলে তাঁদের নথি যাচাই বাধ্যতামূলক।
আরও পড়ুন:Birth Certificate: ভোটার তালিকা যাচাইয়ে হইচই, বার্থ সার্টিফিকেটেই নজর নির্বাচন কমিশনের?
মঙ্গলবার থেকে শুরু করে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে ভোটারদের। প্রযুক্তিগত সমস্যা মিটে গেলে রাজ্যের বাইরে থাকা ভোটারেরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। এর পরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।
অনলাইন সুবিধা পেতে বিলম্ব
কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা নাগরিকদের জন্য কমিশন অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা করলেও, আপাতত সেই সুবিধা পেতে দেরি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের একজন আধিকারিক জানিয়েছেন, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে অনলাইন পরিষেবা মঙ্গলবার থেকে চালু করা সম্ভব হয়নি। তবে দু’-এক দিনের মধ্যেই সেই সমস্যা মিটে যাবে বলেই দাবি।
আরও পড়ুন:SIR: এসআইআর আতঙ্কে ফের মৃত্যু! ডানকুনিতে হৃদ্রোগে প্রাণ গেল বৃদ্ধার
রাজ্যে আসছে বিশেষ প্রতিনিধিদল
এসআইআর-এর (SIR) কাজ খতিয়ে দেখতে বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল। এই দলে থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশী। শুক্রবার পর্যন্ত তাঁরা রাজ্যে থাকবেন এবং উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিএলওদের কাজের পর্যালোচনা করবেন।


