Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: এবারও বাংলাদেশের বিষয়ে ঠান্ডা প্রতিক্রিয়া কলকাতা বইমেলা(Kolkata Book Fair) কর্তৃপক্ষের। গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে বইমেলায় অংশ নিতে পারেনি বাংলাদেশ। এবার বাংলাদেশের বিষয়ে সরাসরি মাথা গলাতে চাইছে না গিল্ড। এই বিষয়ে প্রশ্ন করা হলে গিল্ড কর্তারা জানিয়েছেন —চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারি স্তরে। তাঁদের কথায়, দিল্লি হয়ে আসুক তারা। অর্থাৎ কেন্দ্রের কোর্টেই এখন বল। সেক্ষেত্রে বইমেলায় বাংলাদেশের স্টল থাকবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন ঘোষণা(Kolkata Book Fair)
শহরের বাসিন্দারা তো বটেই রাজ্য এমনকি দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেন বইপ্রেমীদের পীঠস্থান কলকাতা বইমেলায়। একটা বছর অপেক্ষায় থাকেন প্রকাশক থেকে আপামর বইপ্রেমীরা। সেই অপেক্ষা অবসানের দিন ঘোষণা হল৷ আগামী বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার(Kolkata Book Fair) দিন ঘোষণা করল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।
এ বারের থিম কান্ট্রি মারাদোনা-মেসির দেশ(Kolkata Book Fair)
এবারের ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার(Kolkata Book Fair) উদ্বোধন ২২ জানুয়ারি। আর এ বারের বইমেলার ফোকাল ‘থিম কান্ট্রি’ মারাদোনা-মেসির দেশ আর্জেন্টিনা। সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো সেই বইমেলার সাংবাদিক সম্মেলন। ছিলেন বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। সল্টলেক করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণে এই বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্যোক্তারা জানান, ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী, বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা। এ বছর বইপ্রেমীদের সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী তাঁরা।
আরও পড়ুন: Shootout in Kolkata: ভোরবেলার গুলি! কে এই মৌসুমী হালদার, কেন চলল হামলা?
কবে অনুষ্ঠিত হবে KLF?
এ বার আর্জেন্টিনার পাশাপাশি গ্রেট বিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান, থাইল্যান্ডও অংশ নেবে এ বারের বইমেলায়। অংশ নেবে উত্তরপ্রদেশ, কর্নাটক, ওডিশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশও। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেন্স প্যাভিলিয়নও। প্রতি বছরের মতো এবারও বইমেলার সঙ্গে অনুষ্ঠিত হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল বা KLF। ২৪ ও ২৫ জানুয়ারি হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল।
আরও পড়ুন: Wet Book Fair: ক্ষতিগ্রস্ত প্রকাশকদের পাশে বইপ্রেমীরা, এগিয়ে পাঠকমহল
বইমেলার সুবর্ণজয়ন্তীতে আলোকচিত্রী প্রদর্শনী
২০২৭ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী। ইতিমধ্যেই তা নিয়ে ভাবনাচিন্তা শুরু দিয়েছেন উদ্যোক্তারা। যে সময়ে কলকাতা ময়দানে উড়ত বইমেলার ধূলো, সেই সময় থেকে প্রথম ২০ বছর যে আলোকচিত্রীরা ছবি তুলেছেন, অর্থাৎ ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ ছবিগুলি নিয়ে একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী করা হবে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুধু বই নয়, বাঙালির আবেগ, সংস্কৃতি আর সম্পর্কের উৎসব।


