Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হেঁটে দ্বারকা যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। পূণ্য লাভের আশায় সেই যাত্রা করার সময়েই মৃত্যু হলো চার জনের (Gujarats Dwarka)। একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁদের। ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক তীর্থযাত্রী। ভারতের তীর্থসংস্কৃতিতে পায়ে হেঁটে যাত্রা এক গভীর আধ্যাত্মিক অনুশীলন। বিশ্বাস, সংযম ও ত্যাগের মধ্য দিয়ে ভগবানের সান্নিধ্য লাভের আশায় বহু মানুষ শত কিলোমিটার পথ অতিক্রম করেন। গুজরাটের দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র ধাম এমনই এক তীর্থস্থান, যেখানে প্রতিবছর অসংখ্য ভক্ত হেঁটে পৌঁছনোর সংকল্প নেন। কিন্তু সেই পুণ্যলাভের যাত্রাই বুধবার রূপ নিল এক ভয়াবহ ট্র্যাজেডিতে।
কোথায় ও কীভাবে ঘটল দুর্ঘটনা (Gujarats Dwarka)
বুধবার গুজরাটের মোরবি জেলায় জামনগর ও মালিয়া গ্রামের মধ্যবর্তী রাজ্য সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হেঁটে দ্বারকা মন্দিরের উদ্দেশে রওনা দেওয়া কয়েক জন তীর্থযাত্রীকে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা মারে। আচমকা ও প্রবল সেই ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। গুরুতর আহত হন আরও এক তীর্থযাত্রী।
মৃতদের পরিচয় (Gujarats Dwarka)
সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত চার জন হলেন—
- দিলীপভাই চৌধুরী (২৮)
- হার্দিক চৌধুরী (২৮)
- ভগবানভাই চৌধুরী (৬৫)
- অমরভাই চৌধুরী (৬২)

যাত্রার শেষ দিন হয়ে উঠল মৃত্যুদিন (Gujarats Dwarka)
তীর্থযাত্রী দলের সদস্য কল্যাণভাইয়ের কথায় উঠে এসেছে হৃদয়বিদারক ছবি। তিনি জানান, এটি ছিল তাঁদের তীর্থযাত্রার ষষ্ঠ দিন। মঙ্গলবার সারাদিন হাঁটার পর রাতে তাঁরা সারভাদ গ্রামে আশ্রয় নেন। বুধবার সকালে ফের দ্বারকার উদ্দেশে যাত্রা শুরু করেন। তবে দলের পাঁচ জন সদস্য কিছুটা পিছিয়ে পড়েছিলেন। সেই পিছিয়ে পড়া দলটির সঙ্গেই ঘটে যায় দুর্ঘটনাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা চার জনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
আরও পড়ুন: CM Mamata Banerjee: ব্যবসায়ীদের সমস্যা-সমাধানে একাধিক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
মোরবি জেলার ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটির খোঁজ চালানো হচ্ছে। ট্রাকটি ঘটনার পর পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালকের পরিচয় ও গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে।



