Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হিমাচল প্রদেশের চাম্বা জেলার চুড়ার বিজেপি বিধায়ক হংস রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক তরুণী (Hans Raj)। অভিযোগ, যখন তিনি নাবালিকা ছিলেন, তখনই তাঁর শ্লীলতাহানি করেছিলেন ওই বিধায়ক। বর্তমানে তাঁর বয়স কুড়ি বছর।গত সপ্তাহে ফেসবুকে লাইভ এসে এই অভিযোগ প্রকাশ্যে আনেন ওই তরুণী। সাত মিনিটের সেই ভিডিয়োতে তিনি বিস্তারিতভাবে জানান, কীভাবে শিশুকালেই তাঁকে মানসিক ও শারীরিকভাবে নিপীড়নের শিকার হতে হয়েছিল। ভিডিয়োটি প্রকাশের পরেই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

পুলিশের পদক্ষেপ (Hans Raj)
ভিডিয়োর পরদিনই শুক্রবার চাম্বা জেলার মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ POCSO (Protection of Children from Sexual Offences) আইন অনুযায়ী মামলা রুজু করেছে। চাম্বা পুলিশ জানিয়েছে, তরুণীর গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। তদন্তে প্রয়োজন হলে বিধায়ককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

ভয় ও প্রতিশোধের অভিযোগ (Hans Raj)
তরুণীর বাবার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই তাঁদের ওপর শুরু হয় ভয় দেখানো ও প্রতিশোধমূলক হামলা। তাঁর দাবি , “অভিযোগ দায়েরের কিছুক্ষণের মধ্যেই বিধায়ক ও তাঁর লোকজন আমাদের বাড়িতে আসে। তারা বাড়িতে ভাঙচুর করে, ফোন ভেঙে দেয়। এমনকী বলে যায়, অভিযোগ তুলে না নিলে প্রাণে মেরে ফেলা হবে।” এই ঘটনার পর পুরো পরিবারই আতঙ্কে রয়েছে। পুলিশ তরুণীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।
বিধায়কের প্রতিক্রিয়া (Hans Raj)
অভিযোগের জবাবে হংস রাজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। আমার ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র এটি।” বিধায়ক দাবি করেছেন, তিনি নির্দোষ এবং আইনের মাধ্যমে সত্য প্রকাশ পাবে।
আগের অভিযোগের ইতিহাস (Hans Raj)
এই প্রথম নয় কয়েক বছর আগেও একই তরুণী ওই বিধায়কের বিরুদ্ধে ফোনে হেনস্থা ও আপত্তিকর ছবি চাওয়ার অভিযোগ করেছিলেন। যদিও পরে পরিবারের চাপে বা রাজনৈতিক প্রভাবের কারণে সেই অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমান অভিযোগের ফলে পুরনো ঘটনার পুনর্মূল্যায়নের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: Fire in Government Bus: ফের সরকারি বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
রাজনৈতিক মহলে আলোড়ন
বিজেপি নেতৃত্ব এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে কংগ্রেস এবং বিরোধী দলগুলি ইতিমধ্যেই তদন্তের দাবি তুলেছে। তাদের বক্তব্য, “অভিযোগ গুরুতর, তাই নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা উচিত, যাতে ক্ষমতার অপব্যবহার না হয়।”



