Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাবরি মসজিদ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে (Humayun Kabir) ফের বিতর্কিত মন্তব্য করলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশাসনের উদ্দেশে তাঁর চ্যালেঞ্জ, এই কর্মসূচি আটকানোর ক্ষমতা থাকলে তা করে দেখাক পুলিশ। বিধায়কের এমন বক্তব্য ঘিরে নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মানুষকে পাশে থাকার আহ্বান (Humayun Kabir)
রবিবার বেলডাঙায় বাবরি মসজিদ চত্বরে (Humayun Kabir) আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত একটি সভায় বক্তব্য রাখছিলেন হুমায়ুন। সেখানেই তিনি জানান, ৬ ডিসেম্বর রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রায় ৩০ কিলোমিটার অংশ তাঁদের নিয়ন্ত্রণে থাকবে। তাঁর দাবি, আগেও বিভিন্ন এলাকা থেকে মানুষ মসজিদ প্রতিষ্ঠার আবেগে সাড়া দিয়ে রাস্তায় নেমেছিলেন। আগামী কর্মসূচিতেও সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, আইনশৃঙ্খলা ভাঙার কোনও উদ্দেশ্য তাঁদের নেই।
কেন এই উত্থান?
উল্লেখ্য, তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর বাবরি মসজিদ প্রতিষ্ঠার ঘোষণা করে রাজনৈতিকভাবে সক্রিয় হন হুমায়ুন কবীর। সেই ঘোষণাকে ঘিরে আগেও প্রশাসনিক তৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল।
আরও পড়ুন: Delhi Air Quality: বৃষ্টিতে মিলেছিল স্বস্তি, দীপাবলির মুখে ফের দূষণের চাদরে ঢাকল দিল্লি
এদিন বিধায়ক জানান, প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে দোতলা মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় ৮০ হাজার মানুষের নমাজের ব্যবস্থা থাকবে। মসজিদ চত্বরেও আরও ২০ হাজার মানুষের জন্য জায়গা রাখার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি বেসমেন্টে বাইরের দর্শনার্থীদের থাকার জন্য ঘর তৈরির পরিকল্পনাও রয়েছে। আগামী ৬ ডিসেম্বর উদ্বোধনের দিন ঘিরে প্রশাসনের নজরদারি ও প্রস্তুতি কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।


