Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বছরের শেষ লগ্নে নিউজিল্যান্ডের মাটিতে কঠিন টেস্ট সিরিজের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (INDIA A TEAM)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে কিউইদের বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে দুই টেস্টের সিরিজ জেতা অত্যন্ত জরুরি। সেই গুরুত্বপূর্ণ সফরের প্রস্তুতি হিসেবে মূল দলের আগেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারত ‘এ’ দল। পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য বিসিসিআই ‘এ’ দলে মূল টেস্ট স্কোয়াডের একঝাঁক তারকা ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে।
ধ্রুব জুরেলের হাতে নেতৃত্বের ব্যাটন (INDIA A TEAM)
ঘোষিত ১৫ সদস্যের ভারত ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলের হাতে। স্কোয়াডে এমন ১২ জন ক্রিকেটার রয়েছেন, যাঁদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন করেছেন সাই সুদর্শন। পেস আক্রমণে দুই বঙ্গ তারকা আকাশ দীপ ও মুকেশ কুমারের সঙ্গে রয়েছেন খলিল আহমেদ, অংশুল কাম্বোজ এবং জম্মু-কাশ্মীরের প্রতিশ্রুতিমান পেসার আকিব নবি। স্পিন বিভাগে মানব সুথারের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে রয়েছেন ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন স্মারণ।
উপেক্ষিত সরফরাজ (INDIA A TEAM)
সফরে তিনটি চার দিনের বেসরকারি টেস্ট ম্যাচ খেলবে ভারত ‘এ’। নিউজিল্যান্ডের পেস ও বাউন্স সহায়ক উইকেটে নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজে রাখা হয়েছে কেএল রাহুল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল এবং তিলক বর্মার মতো তারকা ব্যাটারদের। তবে ঘরোয়া ক্রিকেটে টানা রান করে যাওয়া সত্ত্বেও ১৫ সদস্যের এই দলে স্থান পাননি মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান, যা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা তৈরি হয়েছে।
মেগা সফরের সময়সূচি (INDIA A TEAM)
ভারত ‘এ’ এবং নিউজিল্যান্ড ‘এ’-র প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে ২৪ অক্টোবর লিঙ্কনে (INDIA A TEAM)। দ্বিতীয় ম্যাচটি ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর ক্রাইস্টচার্চে এবং তৃতীয় তথা শেষ ম্যাচটি ৭ থেকে ১০ নভেম্বর আবার লিঙ্কনে অনুষ্ঠিত হবে। তবে মূল ভারতীয় দলের আন্তর্জাতিক সূচির সঙ্গে সংঘাত থাকায় ‘এ’ দলের কয়েকজন ক্রিকেটারকে পুরো সিরিজে পাওয়া নাও যেতে পারে। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। রাহুল, জয়সওয়াল বা ওয়াশিংটন সুন্দর যদি মূল ওয়ানডে স্কোয়াডে থাকেন, তবে ‘এ’ দলের শেষ ম্যাচে তাঁদের খেলা হবে না। এরপর ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট এবং ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে খেলা হবে দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন: Lionel Messi: আর্জেন্টিনা সফল হোক অনেকেই চায় না, সতর্ক করলেন মেসি
ঘোষিত ভারত ‘এ’ দল:
ধ্রুব জুরেল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, রবিচন্দ্রন স্মারণ, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, আকিব নবি, আকাশ দীপ, অংশুল কাম্বোজ, মানব সুথার, মুকেশ কুমার, সাই সুদর্শন, খলিল আহমেদ, তিলক বর্মা।



