Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে চাপে নিউজিল্যান্ড (India vs New Zealand)। প্রথম টেস্টে দলে ছিলেন না মিচেল স্যান্টনার। দ্বিতীয় টেস্টেও তাঁর ফেরার সম্ভাবনা কম। এর মধ্যেই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার ব্লেয়ার টিকনার। ফলে কিউয়ি শিবিরের বোলিং বিভাগে তৈরি হয়েছে নতুন সমস্যা। অন্য দিকে, প্রথম টেস্ট ড্র হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে ভারতের সামনে এখন কঠিন সমীকরণ। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের একের পর এক ক্রিকেটারের চোট ভারতীয় শিবিরকে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।
টিকনারের পরিবর্তে দলে ম্যাট ফিশার (India vs New Zealand)
আইসিসির তথ্য অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না ব্লেয়ার টিকনার। তাঁর পরিবর্তে নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন ম্যাট ফিশার। ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত এক দিনের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ছ’টি উইকেট নিয়েছিলেন ম্যাট। তাঁর বোলিং গড় ছিল মাত্র ১৩.৬৬। সেরা পারফরম্যান্স ৩১ রানে তিন উইকেট। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধেও কার্যকরী বোলিং করেছিলেন তিনি।
প্রথম একাদশে সুযোগ পাবেন ম্যাট? (India vs New Zealand)
তবে দ্বিতীয় টেস্টে ম্যাট ফিশারকে প্রথম একাদশে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কারণ, প্রথম টেস্টেও দলে ছিলেন না ব্লেয়ার টিকনার। নিউজিল্যান্ড যদি দ্বিতীয় ম্যাচে বোলিং বিভাগে পরিবর্তন আনে, একমাত্র তখনই প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ম্যাট। ফলে আপাতত তাঁকে নিয়ে কিউয়ি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের অপেক্ষা।
স্যান্টনারের পর টিকনার, চোটে বিপর্যস্ত কিউয়িরা (India vs New Zealand)
নিউজিল্যান্ডের চোটের তালিকায় নতুন সংযোজন টিকনার। তারকা অলরাউন্ডার মিচেল স্যান্টনার সিরিজের শুরু থেকেই চোটের কারণে দলের বাইরে। সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না বলেই খবর। অন্য দিকে, টিকনার প্রথম টেস্টে না খেললেও দলের গুরুত্বপূর্ণ বোলার। ছ’টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ২২টি উইকেট। ইনিংসে দু’বার চার উইকেট এবং এক বার পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে তাঁর। এমন বোলারকে দ্বিতীয় টেস্টে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা কিউয়ি শিবিরের কাছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অঙ্ক কঠিন ভারতের (India vs New Zealand)
অন্য দিকে, প্রথম টেস্ট ড্র হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চাপে ভারত। বর্তমানে চার নম্বরে রয়েছে শুভমান গিলের দল। ১২টি ম্যাচ খেলে পাঁচটিতে জয়, চারটিতে হার এবং তিনটিতে ড্র করেছে ভারত। মোট পয়েন্ট ৭২। পয়েন্টের শতাংশ ৫০। প্রথম টেস্টের আগে যা ছিল ৫১.৫২ শতাংশ। অর্থাৎ, ড্রয়ের কারণে পয়েন্টের শতাংশ কমেছে ভারতের।
আরও পড়ুন: Real Madrid vs Barcelona: কলকাতায় হচ্ছে না রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা লেজেন্ডদের ম্যাচ, কেন স্থগিত?
ফাইনালে যেতে বাকি ছ’টি টেস্টই গুরুত্বপূর্ণ (India vs New Zealand)
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি ভারতের (India vs New Zealand)। সামনে রয়েছে আরও ছ’টি টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি এবং দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে এই ছ’টি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততে হবে গিলদের। তবে সব ম্যাচ জিততে পারলে সবচেয়ে ভালো জায়গায় থাকবে ভারত। যদিও সে ক্ষেত্রেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ম্যাচগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তাই আপাতত বাকি ম্যাচগুলিতে আর কোনও পয়েন্ট নষ্ট করতে চাইবে না ভারতীয় দল।



