Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও নিজেদের আধিপত্য বজায় রাখল টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৫ উইকেটে ৩০০। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে কিছুটা সময় নষ্ট হলেও ভারতীয় ব্যাটারদের আগ্রাসন আটকানো যায়নি। দেবদত্ত পাড়িক্কলের অনবদ্য সেঞ্চুরি এবং শুভমান গিলের জোরালো হাফসেঞ্চুরির ভিতের ওপর দাঁড়িয়ে দলকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যান ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৫০৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক শুভমান গিল।
ঋষভ পন্থের তাণ্ডব (India vs Sri Lanka)
প্রথম দিনে চোট পেয়ে মাঠ ছাড়লেও টিম ম্যানেজমেন্টের ভরসা রেখে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হন তিনি। লাহিরু কুমারার একটি শর্ট বল সজোরে পুল করে কলম্বোর মাঠের ছাদ পার করে স্টেডিয়ামের বাইরে ফেলেন, যা হারিয়েও যায়। শেষ পর্যন্ত ৮৯ বলে ঝোড়ো ৬৩ রান করে আউট হন পন্থ। এই ইনিংস খেলার পথে তিনি তিনটি উজ্জ্বল নজির গড়েন। টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকানোর রেকর্ডে তিনি ছাপিয়ে গেলেন কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে। ৫২ টেস্টে পন্থের ছক্কার সংখ্যা এখন ১০২টি, যেখানে গিলক্রিস্টের ছিল ১০০টি। এছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক এখন পন্থ (২৯৪৮ রান), যিনি টপকে গিয়েছেন অধিনায়ক শুভমান গিলকে (২৯১৭ রান)। পাশাপাশি, বিদেশের মাটিতে টেস্ট রানের বিচারে তিনি পেছনে ফেলে দিলেন মহেন্দ্র সিং ধোনিকে। ৩৬ টেস্টে পন্থের রান ২৫৩৪, যেখানে ৪৮ টেস্টে ধোনির রান ছিল ২৪৯৬।
ধ্রুব জুরেলের দুর্দান্ত সেঞ্চুরি (India vs Sri Lanka)
দ্বিতীয় দিনে নজর কাড়েন ২৫ বছর বয়সি তরুণ উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। বৃষ্টির জেরে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর স্নায়ুর চাপ সামলে ঝুঁকিপূর্ণ সিঙ্গল নিয়ে নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি তুলে নেন তিনি। এই শতরানের মাধ্যমে ভারতীয় টেস্ট দলের ৬ নম্বর জায়গাটি সম্ভবত পাকা করে নিলেন জুরেল। সেঞ্চুরি পূর্ণ করার পর জার্সি তুলে হাতের পেশি দেখিয়ে তিনি প্রদর্শন করেন ‘জয় জওয়ান, জয় কিষান’ বার্তাটি। উল্লেখ্য, জুরেলের বাবা ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন এবং ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়াই করেছিলেন, যিনি পরবর্তীতে ২০০৮ সালে ভলান্টারি রিটায়ারমেন্ট নেন। বাবার এই বীরত্বপূর্ণ পটভূমির প্রতি শ্রদ্ধা জানিয়েই এমন আবেগঘন উদ্যাপন করেন জুরেল। ব্যাট করার পাশাপাশি পরবর্তীতে উইকেটকিপিংয়ের দায়িত্বও নিখুঁতভাবে সামলান তিনি।
আরও পড়ুন: East Bengal Foreigner: নভিগ্রাদ থেকে কলকাতা, ইস্টবেঙ্গলে আসছেন নতুন ক্রোয়েশিয়ান বিদেশি
শ্রীলঙ্কার বেহাল দশা (India vs Sri Lanka)
ভারতের করা বিশাল রান পাহাড়ের সামনে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে চরম বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। দিন শেষে তারা মাত্র ২ উইকেট হারিয়ে ৮ রান তুলতে পেরেছে। ভারতের হয়ে লঙ্কানদের দুই ওপেনারকে ফিরিয়ে সফল হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও মানব সুথার। ভারতের থেকে এখনও ৪৯৫ রানে পিছিয়ে রয়েছে আয়োজক দল। ম্যাচের দ্বিতীয় দিনেই সম্পূর্ণভাবে চালকের আসনে বসে পড়ে জয় দেখছে টিম ইন্ডিয়া।



