Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: দেশের সুরক্ষায় সাহসিকতার স্বীকৃতি হিসেবে বীরত্ব পদকপ্রাপ্ত সেনাকর্মীদের জন্য বিশেষ সুবিধা আনছে ভারতীয় রেল (Indian Railways)। নির্দিষ্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডপ্রাপকরা দেশের যে কোনও প্রান্তে নির্দিষ্ট শ্রেণির ট্রেনে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। শুধু পদকজয়ী নন, নির্দিষ্ট শর্তে তাঁদের পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতায় আসবেন।
কারা পাচ্ছেন এই সুবিধা (Indian Railways)
প্রতিরক্ষা মন্ত্রকের উদ্যোগে এই সুবিধা মূলত ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার নির্দিষ্ট বীরত্ব পদকপ্রাপকদের জন্য। এর মধ্যে রয়েছে Sena Medal (Gallantry), Nau Sena Medal (Gallantry) এবং Vayu Sena Medal (Gallantry)। আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে অনলাইনে রেল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা চালু হওয়ার কথা।
কোন শ্রেণিতে বিনামূল্যে যাত্রা? (Indian Railways)
যোগ্য পদকপ্রাপকরা First Class, Second AC এবং AC Chair Car-এ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। দেশের বিভিন্ন রুটে এই সুবিধা প্রযোজ্য হবে। অর্থাৎ, নির্দিষ্ট নিয়ম মেনে যোগ্য যাত্রীরা টিকিটের ভাড়া না দিয়েই রেলপথে যাতায়াত করতে পারবেন।
পরিবারের সদস্যরাও কি সুবিধা পাবেন? (Indian Railways)
প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ম অনুযায়ী, যোগ্য পদকজয়ীর স্বামী বা স্ত্রীও এই সুবিধা পেতে পারেন। কোনও পদকজয়ী প্রয়াত হলে তাঁর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী নির্দিষ্ট শর্তে সুবিধাটি পাবেন। তবে পুনর্বিবাহ করলে এই সুবিধা আর প্রযোজ্য থাকবে না। এছাড়া কোনও অবিবাহিত সেনাকর্মী বীরত্বের জন্য পদক পাওয়ার পর শহিদ হলে, নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে তাঁর বাবা-মাও এই রেলযাত্রার সুবিধার আওতায় আসতে পারেন।
কী ভাবে পাওয়া যাবে ডিজিটাল পাস? (Indian Railways)
এ বার থেকে পুরো প্রক্রিয়াটিই অনলাইনে করার ব্যবস্থা করা হচ্ছে। যোগ্য আবেদনকারীকে Indian Railway Concession Card Portal-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্রাভেল পাস বা ই-পাস দেওয়া হবে। সেই ডিজিটাল পাস ব্যবহার করেই অনলাইনে ট্রেনের টিকিট বুক করা যাবে।
কত বছর পর পর করা যাবে পুনর্নবীকরণ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিজিটাল পাস তিন বছর পর পুনর্নবীকরণ করতে হবে। আগে এই সুবিধার জন্য হার্ড কপি-নির্ভর প্রক্রিয়া ছিল। নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বীরত্ব পদকজয়ীদের সম্মান ও তাঁদের পরিবারের কল্যাণের কথা মাথায় রেখেই এই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।



