Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতীয় পড়ুয়াদের কাছে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কেরিয়ার গঠনের অন্যতম প্রধান গন্তব্য (Indian Students In US)। উন্নত গবেষণা পরিকাঠামো, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং কর্মসংস্থানের সুযোগ সব মিলিয়ে আমেরিকার প্রতি ভারতীয় ছাত্রছাত্রীদের আকর্ষণ বরাবরই প্রবল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে আসার পর প্রথম বছরেই সেই স্বপ্নে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় পড়ুয়াদের একটি বড় অংশ।

ভর্তি হার ৭৫ শতাংশ কম (Indian Students In US)
পরিসংখ্যান বলছে, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়াদের ভর্তি বা এনরোলমেন্ট প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। গত কয়েক দশকে এমন ভয়াবহ পতন কখনও দেখা যায়নি। বিশেষ করে আগস্ট থেকে অক্টোবর যা মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ‘পিক সিজ়ন’ হিসেবে ধরা হয় এই সময়ের মধ্যেই ভারতীয় পড়ুয়াদের নথিভুক্তিকরণ প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে। এই চিত্র শুধু সংখ্যার খেলা নয়, বরং হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ পরিকল্পনায় তৈরি হওয়া গভীর অনিশ্চয়তার প্রতিফলন।
ভিসা জটিলতা: সমস্যার কেন্দ্রবিন্দু (Indian Students In US)
শিক্ষা সংক্রান্ত পরামর্শদাতা কনসালট্যান্ট সংস্থাগুলির মতে, এই সংকটের মূল কারণ মার্কিন ছাত্র ভিসা ব্যবস্থায় চরম কড়াকড়ি।
বিশেষ করে, আগের তুলনায় অনেক বেশি ভিসা আবেদন খারিজ হচ্ছে, ভিসা ইন্টারভিউয়ের স্লট পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে, দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তায় পড়ুয়াদের মধ্যে বাড়ছে হতাশা ও উদ্বেগ, পরামর্শদাতা সংস্থা I-20 Fever-এর এক কর্মকর্তা জানিয়েছেন, বহু ছাত্র সময়মতো ভিসা ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরিকল্পনা হয় স্থগিত, নয়তো পুরোপুরি বাতিল করে দিচ্ছেন।

কঠোর স্ক্রুটিনি ও নজরদারি (Indian Students In US)
ট্রাম্প প্রশাসনের আমলে ভিসা আবেদনপত্রের স্ক্রুটিনিতে যে কঠোরতা বেড়েছে, তা আগের যেকোনও সময়ের তুলনায় বেশি। এখন শুধু শিক্ষাগত যোগ্যতা বা আর্থিক সামর্থ্যই নয়, আবেদনকারীর সোশ্যাল মিডিয়া পোস্ট, অনলাইন কার্যকলাপ, রাজনৈতিক বা সামাজিক মতামত, সবকিছুই খুঁটিয়ে দেখা হচ্ছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট মহল। ফলে অনেক মেধাবী ও উচ্চ ফলপ্রাপ্ত ছাত্রছাত্রীও সেরা মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা থেকে পিছিয়ে আসছেন, শুধুমাত্র ভিসা বাতিল হওয়ার আশঙ্কায়।
‘অপেক্ষা করাই শ্রেয়’ (Indian Students In US)
ভিসা প্রত্যাখ্যানের ভয় এতটাই প্রবল হয়ে উঠেছে যে, বহু পড়ুয়া ও তাঁদের পরিবার এখন মনে করছেন এই মুহূর্তে আবেদন না করে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। এর ফলে শুধু চলতি বছরের ভর্তি নয়, আগামী কয়েক বছরের পরিকল্পনাও ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেকে বিকল্প হিসেবে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া বা এশিয়ার অন্যান্য দেশকে বেছে নেওয়ার কথাও ভাবছেন।

আরও পড়ুন: Greenland: গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের হুমকি, ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া
আমেরিকায় থাকা পড়ুয়ারাও অনিশ্চয়তায়
এই পরিস্থিতির প্রভাব শুধু নতুন আবেদনকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। যাঁরা ইতিমধ্যেই আমেরিকায় পড়াশোনা করছেন, তাঁরাও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে ভুগছেন, পড়াশোনা শেষে কাজের ভিসা (OPT/H-1B) পাওয়া যাবে তো? নীতিনিয়ম আরও কড়া হলে দেশে ফিরতে হবে কি না? গবেষণা ও চাকরির সুযোগ কমে যাবে কি না? এই প্রশ্নগুলির কোনও স্পষ্ট উত্তর এখনও মিলছে না।



