Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (IPAC Office)-এর তল্লাশি অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল। এই তল্লাশির নেপথ্যে যে এফআইআর-এর উল্লেখ করা হচ্ছে, তা নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, পুরনো একটি এফআইআরকে হাতিয়ার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের কৌশল ও অভ্যন্তরীণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

কোন এফআইআর-এর ভিত্তিতে তল্লাশি? (IPAC Office)
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, ২০২০ সালের নভেম্বর মাসে দায়ের করা একটি এফআইআর-এর ভিত্তিতে কীভাবে ২০২৬ সালের মুখে এসে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি চালাতে পারে, সেটাই মূল প্রশ্ন। তাঁর বক্তব্য অনুযায়ী, কয়লা পাচার মামলার তদন্তে অনুপ মাজি ওরফে লালার সঙ্গে যোগাযোগের অভিযোগে ২০২০ সালের ২৭ নভেম্বর ওই এফআইআর দায়ের হয়েছিল। অরূপের যুক্তি, সেই সময় আইপ্যাকের কর্ণধার ছিলেন প্রশান্ত কিশোর। তাহলে ওই এফআইআর-এর সূত্র ধরেই যদি তদন্ত বা তল্লাশি করার কথা হয়, তবে প্রতীক জৈনের বাড়িতে কেন অভিযান? এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর এখনও মেলেনি বলে দাবি তৃণমূলের।
প্রশান্ত কিশোর প্রসঙ্গে তুলনা (IPAC Office)
তৃণমূলের আরও অভিযোগ, প্রশান্ত কিশোর এবং তাঁর রাজনৈতিক উদ্যোগ বিভিন্ন রাজ্যে বিজেপির সুবিধা করেছে। বিশেষ করে বিহারে বিরোধী ভোট কাটার অভিযোগ তুলে অরূপ চক্রবর্তী প্রশ্ন তুলেছেন এই কারণেই কি প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ইডি কোনও পদক্ষেপ নেয়নি? আর সেই জায়গায় এখন যিনি সরাসরি তৃণমূলের রণকৌশল নির্ধারণে যুক্ত, সেই প্রতীক জৈনকেই কি টার্গেট করা হচ্ছে? তৃণমূল নেতৃত্বের মতে, এটি নিছক আইনি তদন্ত নয়, বরং রাজনৈতিক বাছাই করা অভিযানের উদাহরণ।

ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন (IPAC Office)
তৃণমূলের আরও গুরুতর অভিযোগ, প্রতীক জৈন ও তাঁর টিম বর্তমানে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশল, প্রার্থী নির্বাচন সংক্রান্ত তথ্য এবং অভ্যন্তরীণ সাংগঠনিক পরিকল্পনা তৈরির দায়িত্বে রয়েছে। সেই কারণেই ইডির এই তল্লাশির মূল উদ্দেশ্য রাজনৈতিক তথ্য চুরি করা। এই অভিযোগ প্রথম প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার খবর পাওয়ার পর তিনি সেখানে উপস্থিত হন এবং পরে একটি সবুজ ফাইল ও একটি ল্যাপটপ হাতে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। একইভাবে আইপ্যাকের সল্টলেক অফিসেও তিনি যান, যেখানে তাঁর নিরাপত্তারক্ষীদের একাধিক ফাইল গাড়িতে তুলতে দেখা যায়।
রাস্তায় নামছে তৃণমূল, ব্লকে ব্লকে প্রতিবাদ (IPAC Office)
ইডির তল্লাশির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস শুক্রবার রাজ্যজুড়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। তার আগেই বৃহস্পতিবার থেকেই ব্লক স্তরে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। দলের বক্তব্য, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজ্যের শাসকদলকে ভয় দেখানো এবং নির্বাচনের আগে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। তৃণমূল নেতৃত্ব এই আন্দোলনকে “গণতন্ত্র রক্ষার লড়াই” বলে ব্যাখ্যা করছে।
আরও পড়ুন: Iran: ইরানে আর্থিক সঙ্কট, দেশজুড়ে বিক্ষোভ: সরকারবিরোধী গণআন্দোলনে টলমল খামেইনির চেয়ার
বিজেপির পাল্টা প্রতিক্রিয়া
এই অভিযোগের পাল্টা জবাবে বিজেপির রাজ্য মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেন, তদন্ত কাদের বিরুদ্ধে হবে, তা ইডি ঠিক করবে। বিজেপি বা অন্য কোনও রাজনৈতিক দল তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না। তিনি আরও প্রশ্ন তোলেন, প্রতীক জৈন কি তৃণমূল কংগ্রেসের কোনও আনুষ্ঠানিক নেতা? তাঁকে কি দল কোনও সরকারি দায়িত্ব দিয়েছে? প্রশান্ত কিশোরের বাড়িতে তল্লাশি হয়নি বলে প্রতীক জৈনের বাড়িতে যাওয়া যাবে না এমন কোনও নিয়ম কোথায় লেখা আছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিজেপির বক্তব্য, তদন্তের মাধ্যমে যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের সকলেরই শাস্তি হওয়া উচিত।



