Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ সদ্য শেষ হয়েছে আর এর মধ্যেই চলে এলো আইপিএল নিয়ে বড় আপডেট (IPL 2026)।
সামনে এলো আইপিএল নিয়ে বড় আপডেট (IPL 2026)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে মনখারাপের কারণ নেই কারণ ক্রিকেটপ্রেমীদের জন্য আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ২৮ মার্চ থেকে শুরু হতে চলা এই লিগ নিয়ে ক্রিকেটবিশ্বের উন্মাদনার পারদ ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে। যেখানে দেশ বিদেশের একাধিক ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। এবার এই লিগের সূচি নিয়ে বড় আপডেট দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (IPL 2026)।
শুরুর দিন জানা গেলেও দর্শকরা অপেক্ষা করছিলেন সূচি কবে প্রকাশ পাবে তবে এখন জানা গিয়েছে, আগামী ১২ মার্চের মধ্যে আইপিএল-এর সূচি ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। তবে একসঙ্গে গোটা টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হবে।

প্রথম ধাপে শুধুমাত্র টুর্নামেন্টের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। মঙ্গলবার তিনি এক সংবাদসংস্থাকে বলেন, ‘আমরা ১২ মার্চের মধ্যে আইপিএলের সূচি ঘোষণা করার পরিকল্পনা করেছি। আপাতত প্রথম ২০ দিনের সূচিই প্রকাশ করা হবে।’ আইপিএল শুরু হবে ২৮ মার্চ, চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এর আগে প্রাথমিকভাবে টুর্নামেন্টের সময়সূচি ধরা হয়েছিল ২৬ মার্চ থেকে ৩০ মে (IPL 2026)।

বোর্ড সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, আসাম এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে সংঘর্ষ এড়াতেই বিসিসিআই আপাতত পুরো সূচি একসঙ্গে ঘোষণা করবে না। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে টুর্নামেন্টের বাকি অংশের সূচি প্রকাশ করা হতে পারে বলেই জানা যাচ্ছে। তবে সূচি ঘোষণা না হলেও নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি।

আরও পড়ুন: Arshdeep Singh: সূর্যাস্তের মাঠে সূর্যোদয়ের মুহূর্তে ঝামেলায় জড়ালেন মিচেল-অর্শদীপ
চেন্নাই সুপার কিংস গত ১ মার্চ থেকে নাভালুরে তাদের হাই-পারফরম্যান্স সেন্টারে অনুশীলন শুরু করেছে। সেখানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং ধোনি। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০ ফেব্রুয়ারি নভি মুম্বইয়ের ডি-ওয়াই পাটিল স্টেডিয়ামে একটি ছোট প্রস্তুতি শিবির করেছিল। পাঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্সও অনুশীলন শুরু করে দিয়েছে। তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ১৮ মার্চ থেকে প্রি-সিজন ক্যাম্প শুরু করার কথা রয়েছে (IPL 2026)।
তবে আরেকটি বিষয় চিন্তায় ফেলছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ, গ্যাসের দাম বেড়েছে। সাধারণ মানুষ থেকে হোটেল ব্যবসায়ী সবারই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই গ্যাসের দাম বৃদ্ধি। আর সেই পরিস্থিতিতে হোটেল এবং হসপিটালিটি নিয়েও চিন্তায় হোটেল মালিকরা। আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও এই বিষয়গুলি ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আশঙ্কা থাকলেও এর কারণে আইপিএল-এর সূচিতে কোনও প্রভাব পড়বে কিনা সেটা এখনও স্পষ্ট করা হয়নি।


