Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী “সম্পূর্ণ উন্মুক্ত” ঘোষণাকে স্বাগত জানালেও স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আপাতত বহাল থাকবে(Iran US)। তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই অবরোধ বজায় থাকবে। তবে ট্রাম্পের দাবি, আলোচনার বেশিরভাগ বিষয় আগেই মিটে যাওয়ায় চুক্তি দ্রুতই সম্পন্ন হবে।
জারি থাকবে নৌ অবরোধ (Iran US)
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “হরমুজ প্রণালী পুরোপুরি খোলা এবং বাণিজ্যের জন্য প্রস্তুত। কিন্তু ইরানের ক্ষেত্রে আমাদের নৌ অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে, যতক্ষণ না আমাদের চুক্তি ১০০ শতাংশ সম্পূর্ণ হয়।” তিনি আরও বলেন, এই প্রক্রিয়া খুব দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
খোলা থাকবে হরমুজ প্রণালী
অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। এক্স (সাবেক টুইটার)-এ তিনি লিখেছেন, “লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষিতে সমন্বিত রুট অনুযায়ী সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ খোলা রাখা হয়েছে।”
তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে
এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে গেছে বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে। বিশ্লেষকদের মতে, প্রণালী খুলে দেওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে, যার প্রভাব পড়েছে বাজারে।
খুব সফল আলোচনা (Iran US)
এর আগে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে “খুব সফল আলোচনা” চলছে এবং একটি চুক্তির সম্ভাবনা অত্যন্ত বেশি। তিনি বলেন, চুক্তি হলে তেলের প্রবাহ স্বাভাবিক হবে, হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।
আরও পড়ুন: Cylinder Code: গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা কোড: জানেন কি কোডের অর্থ?
একযোগে কাজ করবে আমেরিকা-ইরান (Iran US)
এছাড়া ট্রাম্প ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে “নিউক্লিয়ার ডাস্ট” উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে এটি উদ্ধার ও অপসারণে কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর হবে না।



