Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ছটপুজো উপলক্ষে কলকাতার গঙ্গার ঘাটগুলিতে এবার দেখা গেল এক অভিনব উদ্যোগ (Kolkata Municipality) । বাগবাজার ঘাট-সহ উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন ঘাটে মিস্ট ক্যাননের সাহায্যে ছড়ানো হল গোলাপজল। উৎসবের পরিবেশকে আরও মনোরম করে তুলতে এবং শহরের ধুলো ও দূষণ নিয়ন্ত্রণে রাখতে কলকাতা পুরসভার এই বিশেষ ব্যবস্থা। ছটপুজোর দু’দিন শহরের বিভিন্ন রাস্তা থেকে শুরু করে হুগলি নদীর ঘাট পর্যন্ত গোলাপজল স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পুরসভার এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
উৎসবের আবহে গোলাপজলের সুবাস (Kolkata Municipality)
ছটপুজো উপলক্ষে প্রতি বছরই কলকাতার গঙ্গার ঘাটগুলিতে ভিড় জমান অসংখ্য পুণ্যার্থী। সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করতে ঘাটে ঘাটে চলে পুজো এবং নানা ধর্মীয় আচার। সেই উৎসবের আবহকে আরও সুন্দর করে তুলতেই এবার বিশেষ ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। বাগবাজার-সহ শহরের বিভিন্ন ঘাটে মিস্ট ক্যাননের মাধ্যমে ছড়ানো হচ্ছে গোলাপজল। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত একাধিক এলাকায় এই ব্যবস্থা করা হয়েছে।
পুরসভার নির্দেশে বিশেষ ব্যবস্থা (Kolkata Municipality)
পুরসভা সূত্রে খবর, ছটপুজোর দু’দিন কলকাতার বিভিন্ন শোভাযাত্রার পথে এবং হুগলি নদীর ঘাটগুলিতে গোলাপজল ছেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে কলকাতা পুরসভার কমিশনারের দফতর থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে নির্দেশিকাও পাঠানো হয়েছে। নির্দেশিকা পাওয়ার পরেই দ্রুত এই ব্যবস্থা কার্যকর করতে তৎপর হয়েছেন পুরসভার আধিকারিকরা। পুরসভার বর্তমান ও প্রাক্তন একাধিক আধিকারিকের মতে, শহরে উৎসব উপলক্ষে এভাবে গোলাপজল স্প্রে করার উদ্যোগ আগে দেখা যায়নি। ফলে কলকাতা পুরসভার এই পদক্ষেপকে নজিরবিহীন বলেই মনে করছেন তাঁরা।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের পরিকল্পনার বাস্তবায়ন (Kolkata Municipality)
কালীপুজো ও দীপাবলির পরেই বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য ছিল, শহরের রাস্তাঘাটে নিয়মিত জল স্প্রে করার পাশাপাশি দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোর মতো বিশেষ উৎসবের দিনগুলিতে জলের সঙ্গে গোলাপজল মিশিয়ে ছড়ানোর ব্যবস্থা করা হবে। এর ফলে একদিকে ধুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, অন্যদিকে শহরের বাতাসে ছড়িয়ে পড়বে গোলাপের সুগন্ধ। পুরমন্ত্রীর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই কমিশনারের দফতরে শুরু হয় তৎপরতা।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
করোনা-কালের মিস্ট ক্যাননেই গোলাপজল স্প্রে
এই বিশেষ উদ্যোগের জন্য ব্যবহার করা হচ্ছে কলকাতা পুরসভার দু’টি মিস্ট ক্যানন বা অ্যান্টি-স্মগ মিস্ট স্প্রে গান। করোনা অতিমারীর সময়ে শহরে জীবাণুনাশক ছড়ানোর জন্য এই বিশালাকার যন্ত্র দু’টি কেনা হয়েছিল। অতিমারীর পর থেকে সেগুলিকে মূলত বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ধুলো কমানোর কাজে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে শীতকালে শহরের রাস্তাঘাট ও গাছের পাতায় জল স্প্রে করতে এই যন্ত্রগুলি কাজে লাগে।



