Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে দীর্ঘ চার মাসের প্রতীক্ষার পর বিদায় নিচ্ছে বর্ষা (Kolkata Weather Update)। বাংলা থেকে শুরু হয়েছে বর্ষা বিদায়ের আনুষ্ঠানিক পর্ব। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের অধিকাংশ অঞ্চলে বর্ষা বিদায়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। দুর্গাপুজোতেও বৃষ্টি কিছুতেই পিছু ছাড়েনি প্যান্ডেলে প্যান্ডেলে জলকাদায় ভিজে গিয়েছে আনন্দ। কিন্তু উৎসব শেষে এখন বাঙালির একটাই প্রশ্ন “আর কত দিন?”

আবহাওয়ার বর্তমান অবস্থা (Kolkata Weather Update)
আজ সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ থেকেই দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি প্রায় উধাও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা আর নেই। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বীরভূম সর্বত্র আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হচ্ছে। মৌসম ভবনও জানিয়েছে, শুধু পশ্চিমবঙ্গ নয় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশেও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের চোখরাঙানি (Kolkata Weather Update)
তবে সম্পূর্ণ শান্ত নয় বঙ্গোপসাগর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সমুদ্রে এখনও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দপ্তরের আশ্বাস “রাজ্যের কোথাও আর প্রবল দুর্যোগের আশঙ্কা নেই।”
শীতের আগমনী সুর বইছে (Kolkata Weather Update)
পুজো শেষ হতে না হতেই এখন সকাল ও সন্ধ্যায় মৃদু ঠান্ডার ছোঁয়া অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, সময় যত এগোবে, শীতের শিরশিরানি ততই বাড়বে। সাধারণত নভেম্বরের শুরু থেকে বাংলায় শীতের পরশ অনুভূত হয়, যদিও প্রকৃত শীত নামে ডিসেম্বরের দিকে। এই সময় ঘরে ঘরে সোয়েটার, লেপ, কম্বল বের করার তোড়জোড় শুরু হয়। তবে এবার অনেকেই ভাবছেন অক্টোবরের শেষ থেকেই কি শীতের আমেজ পাওয়া যাবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখনও পর্যন্ত তেমন কোনো নির্দিষ্ট পূর্বাভাস নেই। মূলত বাতাসের আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ কমলে তবেই ঠান্ডা প্রকট হবে।
আরও পড়ুন: Horoscope: এই সপ্তাহে কুম্ভ ও মীন রাশির জন্য কী অপেক্ষা করছে?
কলকাতার আজকের আবহাওয়া
সোমবার সকালে রোদের দেখা মিললেও সারাদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা।
- সর্বোচ্চ তাপমাত্রা: ৩১.৬°C (স্বাভাবিকের থেকে -১.০°C কম)
- সর্বনিম্ন তাপমাত্রা: ২৪.২°C (স্বাভাবিকের থেকে -০.৬°C কম)
- বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা: ৯১%
- বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা: ৫৬%
- গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত: ০.০ মিমি
অর্থাৎ, কলকাতা আজ থেকেই কার্যত বর্ষা-বিদায়ের সূচনা দেখছে।



