Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশে অ্যালকোহলযুক্ত পানীয়ের মান (Liquor Ban) নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফ্যাসাই (FSSAI)। পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের পর জনপ্রিয় কয়েকটি মদের নির্দিষ্ট ভ্যারিয়েন্টের বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থার দাবি, পরীক্ষায় এমন কিছু পণ্যের সন্ধান মিলেছে যেখানে প্রাকৃতিক উপাদান ও স্বাভাবিক পরিপক্বতার পরিবর্তে অতিরিক্ত কৃত্রিম ফ্লেভারের ব্যবহার করা হয়েছে।
তদন্তে কী উঠে এসেছে? (Liquor Ban)
তদন্তে উঠে এসেছে, কয়েকটি প্রস্তুতকারী (Liquor Ban) সংস্থার নির্দিষ্ট কারখানায় উৎপাদিত হুইস্কি ও রামের কিছু ব্যাচে স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য বাইরের ফ্লেভারিং উপাদান ব্যবহার করা হয়েছে। এর জেরে মধ্যপ্রদেশে উৎপাদিত অ্যান্টিকুইটি ব্লু, রয়্যাল চ্যালেঞ্জ, ব্যাগপাইপার ডিলাক্স ও ওল্ড কাস্ক ডিলাক্স XXX রামের কিছু ভ্যারিয়েন্ট এবং মহারাষ্ট্রে উৎপাদিত ওল্ড মঙ্কের কয়েকটি ভ্যারিয়েন্ট নিষেধাজ্ঞার আওতায় এসেছে।
ফ্যাসাই জানিয়েছে, ভারতীয় খাদ্য নিরাপত্তা বিধি অনুযায়ী প্রাকৃতিক উৎসের ফ্লেভার ব্যবহারের অনুমতি থাকলেও মদের নিজস্ব স্বাদকে কৃত্রিমভাবে আবার একই পানীয়ে যোগ করার কোনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত উৎপাদন পদ্ধতি নেই। এমন প্রক্রিয়া পণ্যের গুণমান ও উৎপাদন মান নিয়ে প্রশ্ন তুলতে পারে।
তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সংশ্লিষ্ট কারখানায় উৎপাদিত নির্দিষ্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি একই ব্র্যান্ডের অন্যান্য উৎপাদন কেন্দ্রের পণ্যও এর আওতায় পড়বে, সে বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ভবিষ্যতে আরও তদন্ত ও পরীক্ষার ভিত্তিতে ফ্যাসাই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে।


