Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
সম্পাদনা: সুমনা বেরা, কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই উত্তপ্ত বাংলার রাজনীতি। প্রশাসনিক রদবদল নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Commission)। শুক্রবার কালীঘাটে ইস্তেহার প্রকাশের আগে বিজেপি এবং কমিশনকে একযোগে নিশানা তৃণমূল নেত্রীর।
‘ঘোষিত রাষ্ট্রপতি শাসন রাজ্যে’ (Mamata Commission)
বঙ্গে ভোটের দামামা বাজতেই নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসনিক ও পুলিশি স্তরে শুরু হয়েছে নজিরবিহীন রদবদল। আর এই ইস্যুতেই শুক্রবার কালীঘাটের বাড়ি থেকে রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে কাঠগড়ায় তুলে তাঁর সাফ কথা, রাজ্যে এখন অঘোষিত নয়, বরং ঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, বাংলাকে এত ভয় কিসের?
কমিশনকে আক্রমণ মমতার (Mamata Commission)
রাজ্যের আইএএস-দের সিংহভাগকে বদলি নিয়ে ফের কমিশনকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, খাদ্যদপ্তরের সচিবকে তুলে নিয়ে গিয়ে অন্য রাজ্যের পর্যবেক্ষক করেছে। রেশন বন্ধ হয়ে গেলে কী হবে? আমাকে দোষ দেবেন না। সরাসরি মোদি-শাহর নাম করে বিঁধেছেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন: TMC Manifesto 2026: ‘দুয়ারে চিকিৎসা’-র সঙ্গে ‘দিদির দশ প্রতিজ্ঞা’, ইস্তেহার প্রকাশ তৃণমূলের
‘বাংলা মাথা নত করবে না’ (Mamata Commission)
নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ইতিপূর্বেই একাধিক চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাব না মিললেও, ভবিষ্যতের জন্য বিষয়গুলি রেকর্ড হিসেবে রাখতেই এই চিঠি বলে জানিয়েছেন তিনি। তবে স্পষ্ট করে দিয়েছেন, পরিস্থিতি যাই হোক, বাংলা মাথা নত করবে না। ইদের পরেই ময়দানে নেমে বিজেপিকে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।



