Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বংলা ডিজিটাল: বারাসাত স্টেডিয়ামে আয়োজিত কলকাতা ফুটবল লিগের মেগা ডার্বিতে মোহনবাগানের তারকা খচিত সিনিয়র দলকে আটকে দিল ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেড (Mohun Bagan vs East Bengal)। মনবীর সিংয়ের গোলে প্রথমার্ধে মোহনবাগান এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলে মহম্মদ বিলালের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় লাল-হলুদ। অনবদ্য এই লড়াইয়ের পরও জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ রয়েছে ইস্টবেঙ্গল শিবিরে, অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের খেলা দেখে তাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মোহনবাগান কোচ বাস্তব রায়।
ম্যাচ জয়ের আক্ষেপ লাল-হলুদ কোচের (Mohun Bagan vs East Bengal)
ইস্টবেঙ্গলের কোচ অর্চিস্মান বিশ্বাস ম্যাচের পর দলের তরুণ খেলোয়াড়দের দায়বদ্ধতা ও লড়াইয়ের মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। তবে ম্যাচ জিততে না পারার কিছুটা আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “ড্র তো ড্র-ই হয়। কিন্তু ছেলেরা যেভাবে লড়াই করেছে তা এক কথায় অসাধারণ। বড় ম্যাচে জয়ের সুযোগ ছিল, তাই কিছুটা আক্ষেপ তো থাকছেই, তবে ছেলেদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।” এছাড়া ম্যাচ জুড়ে সমর্থন জোগানোর জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের প্রণাম ও কৃতজ্ঞতা জানান তিনি।
বিনো জর্জের ভূমিকা (Mohun Bagan vs East Bengal)
মোহনবাগান যেখানে সিনিয়র ফুটবলারদের মাঠে নামিয়েছিল, সেখানে ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল রিজার্ভ দলের তরুণদের ওপরই। এই প্রসঙ্গে কোচ অর্চিস্মান জানান, পুরো টুর্নামেন্ট জুড়ে লড়াই করে দলকে সুপার সিক্সে তোলার পর এই তরুণদের ডার্বি খেলতে না দিলে তাদের প্রতি চরম অন্যায় হতো। দলের হেড কোচ বিনো জর্জের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, বিনো জর্জের সঙ্গে তাঁর বোঝাপড়া অত্যন্ত চমৎকার এবং তিনি সর্বদা কাজের পূর্ণ স্বাধীনতা দিয়ে এসেছেন।
ইস্টবেঙ্গলের প্রশংসায় মোহনবাগান কোচ (Mohun Bagan vs East Bengal)
অন্যদিকে, শক্তিশালী দল নিয়েও পয়েন্ট নষ্ট করায় বাগান শিবিরে তৈরি হয়েছে ক্ষোভ। ম্যাচের পর মোহনবাগান কোচ বাস্তব রায় খোলাখুলিভাবে ইস্টবেঙ্গলের দাপট স্বীকার করে নেন। তিনি বলেন, “দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল আমাদের ওপর আধিপত্য বিস্তার করেছে। খেলার গতির বিপরীতে আমরা গোল খেয়েছি এবং ওরা আমাদের খেলতেই দেয়নি। ইস্টবেঙ্গলের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়, ওদের জুনিয়ররা অনবদ্য ফুটবল খেলেছে।”
আরও পড়ুন: Ashis Nehera CAB: কলকাতায় কোচিংয়ের ইচ্ছে প্রকাশ নেহেরার, রোহিত-বিরাটের ভবিষ্যৎ কী মনে করেন তিনি?
আগামী লক্ষ্যের দিকে নজর (Mohun Bagan vs East Bengal)
সিনিয়রদের খেলানোর সিদ্ধান্তকে ভুল বলতে নারাজ বাস্তব রায় সিএফএলের জটিল নিয়মকে কিছুটা দায়ী করেছেন (Mohun Bagan vs East Bengal)। নিয়মকানুনের গেরোয় আটকে পড়ার কারণে তিনি দলের প্রয়োজনে সঠিক সময়ে খেলোয়াড় পরিবর্তন করতে পারেননি বলে দাবি করেন। ডার্বির এই ড্রয়ের ধাক্কা সামলে আপাতত কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচগুলোতে নজর দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে মোহনবাগান শিবির।



